সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুটি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণকুটিচন্দ্রখানা ও মাঝিপাড়া গ্রামের মধ্যে নীলকুমোর নদীতে ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির সংযোগ সড়ক না থাকায় পাঁচ হাজার লোকের কাজে আসছে না।১৭ জানুয়ারি সেতুটি পার হতে হতে কুটিচন্দ্রখানা গ্রামের যশোধর রাণী (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকাররেই তো ওমাক গুলাক (ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তি) সুযোগ করি দিচে টাকা-পাইসা মারি খাওয়ার। আস্তা বান্ধার ম্যালা কাজ হয় আর এই পুলটা ভাল্ করার টাকা না হয়! গরিব মানুুষক ওমরা মানুষ মনে করে না, হামার গুলার দুঃখ ওমরা বোজেও না!’উর্মিলা রাণী (৩০) বলেন, ‘যদি যাওয়া-আইসার ঘাটাই না থাকিল, তাইলে কিসের পুল! এইগ্যা খালি ভওতাবাজি!’প্রতিমা রানী (২৫) মন্তব্য করেন, ‘পুলখান দিয়া গরিব মানষক বুঝ দিচে, পুল হইল ঘাটাও হইবে। কিন্তুক ঘাটার দেকা নাই!’ মাঝিপাড়ার আবদুল্লাহ মনে করেন, এই সংযোগ রাস্তাটি আর হবে না। পেশায় দিনমজুর আবদুল্লাহ বলেন, ‘যখন ১০০ দিনের কামাই করি, তখনো চেয়ারম্যান মেম্বারক কচি, ভাই কামাই যেমন তেমন বসি বসি সগারে টাকা দেন, তা পুলটার ঘাটাটা বান্ধি, কি কন। চেয়ারম্যান মেম্বার কতা শোনে নাই। এবার ৪০ দিনের কামাইর সমায়ও কচি তাও শোনে নাই। আসল কতা হইল, এই ঘাটা দিয়া তো আর অপিচার যাওয়া-আইসা করে না, কইরলে ঠিকে এতদ্দিনে হইল হয়!’কুটিচন্দ্রখানা গ্রামের হামিদুল (৪৫), জোবেদ (৫০) ও মাঝিপাড়া গ্রামের রতম (৩০), মিজানুর (১৭), রিপন (১৭) ও রমেশ (৫০) জানান, শুধু ব্রিজটির সংযোগ রাস্তা না থাকায় হয়রান হয়ে মাঝিপাড়ার প্রায় পাঁচ হাজার লোকজন দুই কিলোমিটার ঘুরে ফুলবাড়ী বাজারে যান প্রতিদিন। শুকনা মৌসুমে লোকজন পারাপার হতে পারলেও বর্ষায় ব্রিজটি কোনো কাজেই আসে না।উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, রাজনৈতিক তদবির করে বরাদ্দ পাওয়া সেতুটির ১৯৯৯ সালের ১৫ এপ্রিল ১০ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকায় প্রাক্কলিত ব্যয় ধরে নির্মাণকাজ শুরু হয়। পরে ১১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে সেতুর কাজ শেষ হয় ওই বছরের ১২ আগস্ট। এর পর থেকে সেতুটির আর সংযোগ রাস্তা করা হয়নি। সে সময়ের এলজিইডির উপজেলা প্রকৌশলী ও বর্তমানের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ৩ জানুয়ারি বলেন, ‘সে সময় অত দেখাশোনা করা হতো না, রাজনৈতিকভাবে রাস্তাঘাট, সেতু, কালভার্ট সবকিছুই করা হতো।’ তিনি দাবি করেন, সেই সময় পাঁচ হাজার টাকায় সংযোগ রাস্তা দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি।ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল ওয়াদুদ ১৮ জানুয়ারি বলেন, ব্রিজটির জন্য কোনো বরাদ্দ নেই, তাই সেটার সংযোগ সড়কও হবে না। তিনি ১০০ দিনের কর্মসৃজন ও ৪০ দিনের হতদরিদ্রদের জন্য কর্মসূচিতে সংযোগ রাস্তা করা যেত উল্লেখ করে বলেন, ‘অন্য মেম্বাররা তা মানেননি।’উপজেলা প্রকৌশলী আবু জাফর মো. সালেহ ১৮ জানুয়ারি নতুন যোগ দিয়েছেন উল্লেখ করে বলেন, বর্তমানে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি আপাতত বলা যাচ্ছে না।