সংযোগ সড়ক না থাকায় সেতুটি কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার চকমেহেদী-পাঁচথুপি সড়কে ভিটারদহের সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। অথচ সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় অর্ধকোটি টাকা।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ২০০৫-০৬ অর্থবছরে গোপালনগর ইউনিয়নের চকমেহেদী-পাঁচথুপি সড়কে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বৃহত্তর বগুড়া, রাজশাহী ও পাবনা জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণে ৪১ লাখ ৯৬ হাজার ১৬৭ টাকা বরাদ্দ করা হয়। মিল্টন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ওই ঠিকাদার প্রতিষ্ঠানের নামে উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী কাজটি করেছেন। তিনি ২০০৬ সালে কাজ শুরু করে প্রায় দুই বছর পর তা শেষ করেন। তিনি সংযোগ রাস্তার কাজ না করেই ৩৫ হাজার ৩০০ টাকা রেখে বরাদ্দের বাকি অর্থ তুলে নেন। নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির এক সহকারী প্রকৌশলী (এসও) বলেন, বর্তমানে এলপিআরএ থাকা উপজেলা প্রকৌশলীর সঙ্গে ওই সময় ঠিকাদারের গভীর সখ্য ছিল। তাই তিনি সেতুর সংযোগ সড়কের কাজ না করেই বিলের টাকা তুলতে পেরেছেন।এলাকাবাসী জানায়, সেতুর দুই দিকে মথুরাপুর, ধেরুয়াহাটি, কাশিয়াহাটা, অলোয়া, পিরহাটি, মধুপুর, বানিয়াগাতি, বাঁশপাতাসহ দুটি ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের মানুষ যাতায়াত করে। এদিকে সেতুর পার্শ্ববর্তী জমির মালিক তোফাজ্জল হোসেন জানান, সংযোগ সড়ক করার জন্য মাটি কেনার বরাদ্দ ছিল। ঠিকাদার আওয়ামী লীগের নেতা হওয়ায় ক্ষমতার দাপটে মাটির দাম না দিয়েই তিনি জমি নেওয়ার চেষ্টা করেন। কিন্তু টাকা না পেয়ে কেউ জমি দিতে রাজি হয়নি। ফলে ঠিকাদার আর সংযোগ সড়ক করতে পারেননি। ঠিকাদার মোহাম্মদ আলী বলেন, ‘সেতু-সংলগ্ন জমির মালিকেরা সংযোগ সড়ক তৈরির জন্য মাটি না দেওয়ায় কাজ পুরোপুরি শেষ করতে পারিনি। ফলে বরাদ্দের ৩২ হাজার ৩০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। আমি কখনোই ক্ষমতার অপব্যবহার করিনি।’উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘আমি ধুনটে যোগদানের আগে এই সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ শেষ করতে না পারায় টাকা ফেরত দেওয়া হয়েছে। সংযোগ সড়কের জন্য পৃথক কত টাকা বরাদ্দ ছিল তা সঠিক করে বলতে পারছি না।’