সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় অর্থায়নে পদ্মা সেতু করা হবে—এই বিবেচনা থেকেই সরকার সব রকম পরিকল্পনা নিচ্ছে। প্রথমে দুই প্রান্তের দুটি সংযোগ সড়ক ও নির্মাণকালীন অবকাঠামো তৈরির মাধ্যমে কাজ শুরু হবে। এরপর মূল সেতু ও নদীশাসনের কাজ হবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।এদিকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অধ্যায়ের সমাপ্তির পর গতকাল জাইকাও সরে দাঁড়িয়েছে। গত শুক্রবার রাতে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) সরে যাওয়ার ঘোষণা দেয়।সূত্রমতে, সংযোগ সড়ক ও নির্মাণকালীন অবকাঠামো (সার্ভিস এলাকা) তৈরির কাজ দ্রুত শুরু করতে চায় সরকার। এ কাজগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার চিন্তাভাবনা চলছে। এ কাজে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ নেওয়া হবে। মন্ত্রণালয় ও বুয়েট সূত্রে জানা গেছে, সংযোগ সড়ক, সার্ভিস এলাকা ও নদীর তীর রক্ষার কাজ দেশীয় অর্থে শুরু হবে। মূল সেতু ও নদীশাসনে দেশীয় অর্থের পাশাপাশি মালয়েশিয়া, চীন, ভারতসহ অন্য দেশ বা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হতে পারে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু গতকাল শনিবার ওই দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে সম্প্রতি চিঠি দিয়েছেন বলে জানা গেছে।এদিকে চলতি অর্থবছরের আর আছে পাঁচ মাস। সবকিছু বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরের জন্য ৭০০ থেকে ৮০০ কোটি টাকা বরাদ্দ চাওয়ার প্রস্তাব তৈরি করছে সেতু বিভাগ। অর্থ মন্ত্রণালয়ও অর্থের জোগান দেওয়ার জন্য কাজ শুরু করেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল চট্টগ্রামে সাংবাদিকদের বলেছেন, দুই মাসের মধ্যে পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে।গতকাল বুয়েটে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান জামিলুর রেজা চৌধুরী, বুয়েটের বেশ কয়েকজন অধ্যাপক, পদ্মা সেতু প্রকল্প ও সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠক সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছে জানতে চাওয়া হয়েছিল, নিজস্ব অর্থায়নে দ্রুত কাজ শুরু করার ক্ষেত্রে সেনাবাহিনীকে কী দায়িত্ব দেওয়া যায়, বুয়েটকে কীভাবে কাজে লাগানো যায় এবং বিদ্যমান নকশা পরিবর্তন করে খরচ কীভাবে কমানো যায়। বিশেষজ্ঞরা নকশা পরিবর্তন না করার পক্ষে মত দিয়েছেন। কারণ, নকশা পরিবর্তন করতে গেলে সময় বেশি লেগে যেতে পারে। এ ছাড়া বিদ্যমান নকশা আন্তর্জাতিক পরামর্শকদের দিয়ে প্রণয়ন করা হয়েছে এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে।বৈঠকে পরামর্শ দেওয়া হয়, দ্রুত কাজ শুরু করার জন্য জাজিরা ও মাওয়া প্রান্তের দুটি সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার কাজ সেনাবাহিনীকে দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বুয়েটকে পরামর্শক হিসেবে কাজে লাগানো যায়।ইতিমধ্যে প্রাক্-যোগ্যতা যাচাই করে মূল সেতু ও নদীশাসনের জন্য পাঁচটি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করে রেখেছে সরকার। এখন দুটি পথ খোলা আছে—প্রাক্-যোগ্য ঠিকাদারদের মধ্যে চূড়ান্ত দরপত্র আহ্বান করা, নতুবা নতুন করে প্রাক্-যোগ্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া।জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, সংযোগ সড়কের কাজ এপ্রিল-মে মাসের মধ্যেই শুরু হবে। আর মূল সেতু ও নদীশাসনের কাজ অক্টোবরের আগে শুরু হবে। দেশীয় অর্থেই এসব কাজ হবে। মালয়েশিয়া, চীন ও ভারতের প্রস্তাব আছে। সেগুলো বিবেচনা করে জাতীয় স্বার্থের পক্ষে হলে তাদেরও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে।নদীরভাঙন কাজের উদ্বোধন: ২৮ ফেব্রুয়ারি পদ্মা সেতু প্রকল্পের নদীশাসন এলাকার বাইরে নির্মাণসামগ্রী রাখার স্থানে (কনস্ট্রাকশন ইয়ার্ড) ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কাজ শুরুর ঘোষণা দেবেন। গত ২৯ জানুয়ারি নদীতীর রক্ষার জন্য ৯৬ কোটি টাকায় ভারতীয়া ইনফ্রা লিমিটেড ও বাংলাদেশের মহিউদ্দিন বিল্ডার্স লিমিটেডকে (যৌথ) নিয়োগ দেওয়া হয়।দুই সংযোগ সড়ক: জাজিরা সংযোগ সড়কটি নির্মাণে করা দরপত্রে মালয়েশিয়াভিত্তিক এমটিডি কনস্ট্রাকশন ৮৯৬ কোটি টাকা প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করলে সংযোগ সড়কের ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়াও আটকে যায়।দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে আবদুল মোনেম লিমিটেড মালয়েশিয়ার এক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এক হাজার ৯৭ কোটি টাকা দর প্রস্তাব করেছিল। এখন আবদুল মোনেম লিমিটেডকেই কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জাজিরা প্রান্তে ১২ কিলোমিটার সংযোগ সড়ক হওয়ার কথা। মাওয়া প্রান্তে সংযোগ সড়ক হওয়ার কথা দুই কিলোমিটার এবং ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি টাকা। সার্ভিস এলাকা নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২২৪ কোটি টাকা। জাইকাও সরে দাঁড়াল: পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে এবার জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকাও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘এটা দুঃখজনক যে, বর্তমান আর্থিক কাঠামোর অধীনে তারা অগ্রসর হতে পারেনি এবং সংকট সমাধানে আমাদের পদক্ষেপ কাজে আসেনি। তাই একটি সহ-অর্থায়নকারী হিসেবে বর্তমান কাঠামোয় আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখা সম্ভব নয়। নৈতিকতার সর্বোচ্চ আদর্শ অনুসরণ করাই আমাদের নীতি।’