সংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্রে অবরোধ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার পৌর শহরসহ আশপাশের এলাকায় গ্যাস সংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্র এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদ।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন এলাকা থেকে লোকজন উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ওই গ্যাসক্ষেত্রে গিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করে।পরিষদের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি ও কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্যসচিব মনিরুল হকের নেতৃত্বে এ অরবোধ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে সালদা গ্যাসক্ষেত্রের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমানের মাধ্যমে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন পরিষদের সদস্যরা। পরিষদের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কসবায় গ্যাস সংযোগ না দিয়ে ২২ নভেম্বর সালদা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগ দিতে দেওয়া হবে না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব।’সূত্র জানায়, নতুন করে পাওয়া সালদা গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ থেকে ২২ নভেম্বরের মধ্যে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মাধ্যমে জাতীয় গ্রিডে অন্তত ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এর মধ্যে সালদা গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পর্যায়ক্রমে উত্তোলন করা হবে।