অনুমোদনের পর দুই যুগ পেরিয়ে গেলেও সরকার জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ তথা সিডও সনদের দুটো ধারা থেকে আপত্তি প্রত্যাহার করেনি। ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সিডও সনদ গ্রহণ করে। এর পাঁচ বছর পর বাংলাদেশ সরকার সিডও অনুমোদন করে। সনদটি হলো নারীর সকল প্রকার মানবিক অধিকার স্থাপনের আন্তর্জাতিক বিল।অনুমোদনকালে সরকার ২.১৩(ক) এবং ১৬.১(গ) ও (চ) ধারা আপত্তিসহ স্বাক্ষর করেছে। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ১৩(ক) ও ১৬.১(চ) ধারা থেকে বাংলাদেশ তার আপত্তি প্রত্যাহার করে নিয়েছে। তবে ধারা ২ এবং ১৬.১ (গ) থেকে আপত্তি প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সিডও সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে শরিক দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং আইনের সংস্কার করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধারাগুলো দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেননা সংবিধানে নারী-পুরুষের সমতার কথা বলা আছে। তাই সনদের ধারা সংরক্ষণ করে রাখা স্ববিরোধিতার শামিল।সিডও সনদে ক্রমাগত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি চার বছর পর সিডও কমিটির কাছে সরকারকে প্রতিবেদন জমা দিতে হয়। কমিটি সরকারি প্রতিবেদনের পাশাপাশি গ্রহণ করে এনজিওদের কাছ থেকে ছায়া প্রতিবেদন। প্রতিবেদন বিশ্লেষণের পর কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী সরকারকে কাজ করতে হয়। আর কত অঙ্গীকার: সিডও কমিটি ৪৭তম সভায় সনদের ২ নম্বর ধারায় একটি সাধারণ সুপারিশমালা গ্রহণ করেছে, যা প্রত্যেক সদস্যরাষ্ট্রের জন্য অবশ্যপালনীয়। সিডও কমিটি মনে করছে, যেসব রাষ্ট্র সনদের এ ধারাটি গ্রহণ করেনি তারা সনদ বাস্তবায়নকেই অস্বীকার করছে। গত ২৫ জানুয়ারি জেনেভায় সিডও কমিটির ৪৮তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে, বিশেষ করে ধারা ২ ও অন্য একটি ধারার সংরক্ষণ নিয়ে আবার জেরার মুখে পড়ে সরকার। কেননা নব্বইয়ের দশক থেকেই সংরক্ষণ প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন বলে সিডও কমিটিকে জানাচ্ছে সরকার। তাই এ দুটি ধারায় সংরক্ষণ প্রত্যাহার না করার বিষয়টিকে সংশ্লিষ্ট সবাই চ্যালেঞ্জ হিসেবে দেখছে। জেনেভা থেকে ফিরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা থেকে কেন সংরক্ষণ তুলে নেয়নি তা জানতে চেয়েছে কমিটি এবং সংরক্ষণ প্রত্যাহারের তাগিদ দিয়ে এ সনদের পূর্ণ অনুমোদনের অনুরোধও জানিয়েছে। সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা থেকে কবে নাগাদ সংরক্ষণ প্রত্যাহার করা হবে সে সম্পর্কে সরকার কোনো অঙ্গীকার না করলেও সংরক্ষণ প্রত্যাহারে বাংলাদেশ আন্তরিক এবং সিডও বাস্তবায়নে সরকারের বেশ কিছু অগ্রগতিও আছে, সে বিষয়টি কমিটিকে বোঝানো সম্ভব হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষায় নারীর অংশগ্রহণ, মাতৃমৃত্যুর হার কমাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘সিডও সনদের আলোকেই সরকার জাতীয় নারী উন্নয়ননীতি করেছে। এ সনদের দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের চেয়ে সরকার দেশে বিদ্যমান আইন বাস্তবায়নে বেশি গুরুত্ব দিচ্ছে। মুসলিম উত্তরাধিকার আইনে সম্পত্তিতে নারীর যেটুকু অধিকার দেওয়া আছে সেটুকুও পাচ্ছে না। এই সম্পত্তি যাতে পায় এবং নারীর অর্জিত সম্পত্তি যাতে ভোগ করতে পারে সেদিকটি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে সরকার।’হতাশা অনেক: সিডও সনদ বাস্তবায়নে সরকার সন্তুষ্ট থাকলেও নারী ও মানবাধিকারকর্মীদের রয়েছে অনেক হতাশা। সিডও কমিটিতে পরপর তিনবার (১২ বছর) নির্বাচিত সদস্য ও একবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করা সালমা খান প্রথম আলোকে বলেন, দুটি ধারায় সংরক্ষণ প্রত্যাহার গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুটি ধারায় সংরক্ষণ প্রত্যাহার করলেই কি রাতারাতি দেশের চেহারা পাল্টে যাবে? ১৯৮৪ থেকে ২০১১ সাল পর্যন্ত আমরা সূচক তৈরি করতে পারিনি, যার ভিত্তিতে আমরা বলতে পারব, দেশে নারীনির্যাতন বেড়েছে না কমেছে, জেন্ডার গ্যাপের অবস্থান কোন পর্যায়ে আছে। অথচ নেপাল সূচক তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকা সিডও সনদকে কাজে লাগিয়ে অনেক দূর অগ্রসর হয়েছে। রুয়ান্ডা এ সনদকে গুরুত্ব দিয়ে সংসদে নারীদের উপস্থিতি বাড়িয়েছে। সিডও সনদে পাঁচটি মৌলিক মানবাধিকারের সমন্বয় করা হয়েছে। কিন্তু সেই সনদ বাস্তবায়নে রাষ্ট্রের কাছে কোনো হিসাব-নিকাশ নেই। আদালতে এ সনদকে অন্তর্ভুক্ত করে ব্যবহার করা হচ্ছে না। আইনজীবীসহ যাদের জন্য এই সনদ সেই নারীরাও এখন পর্যন্ত এ সনদ সম্পর্কে তেমন কিছুই জানে না। ফলে সব দিক বিবেচনায় বলা যায়, সিডওর গুরুত্ব বিলীন হয়ে যাচ্ছে। সিডওর মতো হাতিয়ারটি অকেজো হয়ে পড়েছে। নারী আন্দোলন, গণমাধ্যম সবাইকে নতুনভাবে ভাবতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, সিডও সনদের সঙ্গে দেশের সংবিধানের বিভিন্ন ধারা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তার পরও নারীর সম-অধিকারের বিষয়ে সরকারের কিছু ক্ষেত্রে পিছুটান আছে। সিডওর পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন নিয়ে মহিলা পরিষদ উদ্বিগ্ন। সরকারকে দৃষ্টি ফেরাতে অনুরোধ করছে পরিষদ। নারী আন্দোলন সরকারকে কিছুটা সময় দিয়েছে। তবে আলোচনা থেমে নেই।৩৮টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সিটিজেনস্ ইনিশিয়েটিভস্ অন সিডও বাংলাদেশ নামক একটি মোর্চা সরকারের পাশাপাশি সিডও কমিটিতে ছায়া প্রতিবেদন জমা দিয়েছে। এ মোর্চার সদস্য স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রথম আলোকে বলেন, সিডও কমিটি প্রতিবার সমাপনী মন্তব্যে সরকারের জন্য কিছু করণীয় চিহ্নিত করে দেয়। তবে এত দিন সেগুলো বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হয়নি। এবার মোর্চার পক্ষ থেকে সমাপনী মন্তব্যগুলো বাংলা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এগুলো বাস্তবায়নে একটি কর্মকৌশলও তৈরি করা হবে। কেননা দুই বছর পর এই বিষয়গুলোর অগ্রগতি সিডও কমিটিকে জানানোর বাধ্যবাধকতা আছে।রঞ্জন কর্মকার বলেন, ‘কিছু ক্ষেত্রে সরকারের কিছু অগ্রগতি আছে। কিন্তু সিডও বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট না। সরকারের উদ্যোগ নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় একেবারেই অপ্রতুল। বিশেষ করে সরকার নারীর পারিবারিক জীবনে সমতা প্রতিষ্ঠার বিষয়টিতে একেবারেই হাত দিচ্ছে না। বিষয়টি উদ্বেগজনক। নারীর অর্জিত সম্পদে নারীর অধিকার দেওয়া হলো, কিন্তু সেই সম্পত্তিতে পরে তার ছেলেমেয়ে সমান সুযোগ পাবে কি না তা একটি বড় প্রশ্ন।’বাংলাদেশ সরকার ২০০০ সালের ৬ সেপ্টেম্বর সনদের ‘অপশনাল প্রটোকল’ স্বাক্ষর করে। অপশনাল প্রটোকল হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার একটি বিশেষ ব্যবস্থা যে প্রক্রিয়ার মাধ্যমে সিডও কমিটি কোনো অভিযোগ গ্রহণ ও তদন্ত করে তা জাতিসংঘ সাধারণ পরিষদ, মানবাধিকার কমিশনকে এবং সংশ্লিষ্ট সরকারকে জানাতে, প্রশ্ন করতে ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিতে পারে। তবে বাংলাদেশ এই প্রটোকলেরও ১০(১) ধারাটি সংরক্ষণ (না-রাজি) করেছে। সংশ্লিষ্ট সবার মতে, এ ধারা সংরক্ষণ করে রাখায় বিষয়টি পুরোপুরি অকার্যকর হয়ে রয়েছে।সংরক্ষিত ধারাগুলো ধারা ২ সিডও সনদে শরিক রাষ্ট্রসমূহ নারীর প্রতি সকল প্রকারের বৈষম্যের নিন্দা করে এবং উপযুক্ত সকল উপায়ে ও অবিলম্বে নারীর প্রতি বৈষম্য দূরীকরণের একটি নীতি অনুসরণে সম্মত হয়। এই লক্ষ্যে তারা যা যা করবে বলে অঙ্গীকার করে তা হচ্ছে—ক. পুরুষ ও নারীর সমতার নীতি তাদের জাতীয় সংবিধান অথবা অন্য কোনো উপযুক্ত আইনে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত না হয়ে থাকলে তা অন্তর্ভুক্ত করা এবং আইনের মাধ্যমে ও অন্যান্য উপযুক্ত উপায়ে এই নীতির প্রকৃত বাস্তবায়ন নিশ্চিত করা।খ. নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিষিদ্ধ করে উপযুক্ত ক্ষেত্রে আইন মানতে বাধ্য করার ব্যবস্থাসহ যথোপযুক্ত আইনগত ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা।গ. পুরুষের সঙ্গে সমতার ভিত্তিতে নারীর অধিকারসমূহের সুরক্ষা আইনগতভাবে প্রতিষ্ঠা করা এবং উপযুক্ত জাতীয় আদালত ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের যেকোনো বৈষম্য থেকে নারীকে রক্ষা করার বিষয়টি কার্যকরভাবে নিশ্চিত করা। ঘ. নারীর প্রতি বৈষম্যমূলক যেকোনো কর্মকাণ্ডে নিয়োজিত হওয়া থেকে সবাইকে বিরত রাখা এবং সরকারি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানসমূহ যাতে এই দায়িত্ব অনুসারে কাজ করে তা নিশ্চিত করা।ঙ. কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান যাতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করতে না পারে তা নিশ্চিত করার উদ্দেশ্যে সকল উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।চ. প্রচলিত যেসব আইন, বিধি-প্রথা ও অভ্যাস নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে, সেগুলো পরিবর্তন অথবা বাতিল করার উদ্দেশ্যে আইন প্রণয়নসহ সকল উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।ছ. যেসব জাতীয় দণ্ডবিধান নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে সেগুলো বাতিল করা। ধারা ১৬১. শরিক রাষ্ট্রসমূহ বিবাহ ও পারিবারিক সম্পর্কবিষয়ক সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূরীকরণের সব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নারী ও পুরুষের সমতার ভিত্তিতে বিশেষ করে যেসব বিষয় নিশ্চিত করবে সেগুলো হচ্ছে:গ. বিবাহ ও বিবাহবিচ্ছেদকালে একই অধিকার ও দায়িত্ব।সিডও সনদের মূল বাণী হলো সমাজ, রাষ্ট্র তথা সমগ্র বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ক্ষেত্রে নারী-পুরুষের সমতা স্থাপন করা। মানুষ হিসেবে নারীর নিজের উন্নয়ন ও বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা। এর জন্য আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংস্কার এবং আইন প্রয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি তথা প্রশাসনিক ভিত্তি তৈরি করা। আর সিডও সনদের মূল লক্ষ্য হলো মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও মূল্যবোধের ক্ষেত্রে নারী-পুরুষের সমতার নিশ্চয়তা বিধানের আবশ্যকীয়তা এবং নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান। সিডও কমিটির সমাপনী মন্তব্য ও সর্বশেষ সুপারিশ: সিডও কমিটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সনদের অবশিষ্ট আপত্তিসমূহ বাতিলের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে তাগিদ দেয়। যার যার দেশের আইনে সনদের বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা এবং সংবিধান ও সব আইনে সনদের ধারাসমূহের প্রতিফলন নিশ্চিত করার জন্য অনুরোধ জানায়। নারী নির্যাতন, পাচারকারীদের শাস্তির আওতায় আনতে না পারা, বহুবিবাহ, পরিবারে নারীর নাজুক অবস্থা এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারীদের অবস্থান, লিঙ্গভিত্তিক উপাত্তের অভাবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। দেশে অভিন্ন পারিবারিক আইন না থাকার বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করে। নীতিনির্ধারণী পর্যায়ে নারীর কম অংশগ্রহণ, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারীদের সরাসরি নির্বাচনের আইন তৈরির জন্যও আহ্বান জানায়।