সংরক্ষণ রসায়নাগারেরই সংরক্ষণ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষণ রসায়নাগারটির জন্ম ১৯৭৪ সালে। জন্মের সময় বিদেশ থেকে যেসব যন্ত্রপাতি ও রাসায়নিক আনা হয়েছিল, বর্তমানে তা দিয়েই চলছে এ রসায়নাগার। জন্মের সময় এটি ছিল শীতাতপনিয়ন্ত্রিত, তবে বর্তমানে এ যন্ত্রটিও উধাও। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংরক্ষণ রসায়নাগারটি এভাবেই চলছে। ১৯৭৪ সালের যন্ত্রপাতির বেশির ভাগই অচল বা বর্তমান যুগের সঙ্গে বেমানান। কর্মরত ব্যক্তিদের মতে, রাসায়নিক পদার্থ যা ছিল, তারও হয়তো মেয়াদ শেষ। ভাঙা যন্ত্রপাতি ও প্রায় বাতিল হয়ে যাওয়া রাসায়নিক দিয়েই জাদুঘরের নিদর্শনের সংরক্ষণের কাজ চলছে। রসায়নাগারটি শীতাতপনিয়ন্ত্রিত না হওয়ায় রাসায়নিক যা আছে, সেগুলোরও কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসও প্রথম আলোকে বলেন, আধুনিক প্রযুক্তির যুগে এ রসায়নাগারটি আর চলে না। আড়াই বছরের চাকরিজীবনে এ বিভাগের জন্য নতুন কোনো যন্ত্রপাতি কেনা হয়েছে বলেও জানা নেই। অন্যদিকে যন্ত্রপাতি কিনলেও তা চালানোর জন্য দক্ষ জনবল যদি না থাকে, তবে তা কিনেও লাভ নেই। এত দিন সেভাবে এ বিভাগের প্রতি নজর দেওয়াও সম্ভব হয়নি। তবে বর্তমান অর্থবছরে এ বিভাগটি ঢেলে সাজানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।জাদুঘর সূত্রে জানা গেছে, এ রসায়নাগারটির আধুনিকায়নের জন্য জাপান সরকার এবং কোরিয়ার একটি প্রতিষ্ঠানের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১৯৮৩ সালের ১৭ নভেম্বর জাতীয় জাদুঘর যাত্রা শুরু করে। তবে এর আগে ১৯১৩ সালের ৭ আগস্ট বাংলার গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের (বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) একটি ঘরে ‘ঢাকা জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। নিমতলীসহ বিভিন্ন জায়গায় স্থানান্তরের পর জাদুঘরের জায়গা হয় শাহবাগে। বর্তমানে এ জাদুঘরের ভান্ডারে আছে প্রায় ৮৬ হাজার নিদর্শন। জাতীয় জাদুঘরের চারটি শাখা জাদুঘরসহ নিদর্শনের সংখ্যা এক লাখে দাঁড়িয়েছে। এসব নিদর্শনের মধ্যে যেগুলো সংরক্ষণের প্রয়োজন তা সংরক্ষণ করছে রসায়নাগার। এ ছাড়া টাকার বিনিময়ে ব্যক্তিগত সংগ্রহে থাকা নিদর্শনের সংরক্ষণের কাজও এ বিভাগ করছে।জাদুঘরের বিভিন্ন বিভাগের সংগ্রহ করা দ্রব্যটির পরিচিতি সম্পর্কে নিশ্চিত হয় রসায়নাগার বিভাগ। অন্যান্য বিভাগের পাশাপাশি জাদুঘরে নিদর্শনের দেখভাল করাও এ বিভাগের কাজ। ১৯৭৪ সালে ফোর্ড ফাউন্ডেশনের সহায়তায় এ বিভাগটি যাত্রা শুরু করে। ১৯৭৫ সাল থেকে বিভাগের মূল কার্যক্রম শুরু। তার পর থেকে এ পর্যন্ত এই বিভাগ প্রায় ২৫ হাজার নিদর্শনের সংরক্ষণ সম্পন্ন করেছে। বিভাগটি ১৯৮৩ সালের জনবল কাঠামো দিয়েই চলছে। জনবল কাঠামো অনুযায়ী ১২ জনের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র নয়জন। বিভাগের সার্বক্ষণিক কিপারের পদটি শূন্য। সংরক্ষণ রসায়নাবিদ শফিকুল আলম এক বছর ধরে কিপারের দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার রসায়নাগারে গিয়ে দেখা গেল, একজন রাজা-বাদশাহদের একটি পোশাক বা চোগায় সুঁই-সুতা দিয়ে সেলাই করে আগের আদলে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন। জানা গেল, যিনি এই কাজ করছেন তিনি আসলে জাদুঘরের নিরাপত্তাকর্মী (রিপুকার হিসেবে প্রশিক্ষিত)। রসায়নাগারে রিপুকারের পদটিই নেই। যদিও এ পদটি খুবই গুরুত্বপূর্ণ।সরেজমিনে দেখা গেল, রসায়নাগারের বিভিন্ন জায়গায় জাদুঘরের অব্যবহূত কার্পেট, ভাঙা চেয়ার, ভাঙা ফ্যান স্তূপ করে রাখা। ১৯৭৪ সাল থেকে রাসায়নিকের যে বোতল ও ক্যান খালি হয়েছে, তা নষ্ট করা হয়নি। সেগুলোও বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা। স্বল্প আলো, চারপাশে ধুলার স্তর, গরমের মধ্যে বসেই কাজ করছেন কর্মরত ব্যক্তিরা। পানিতে আয়ন দূর করার একটি যন্ত্র কবে থেকে নষ্ট হয়ে পড়ে আছে কর্মরত ব্যক্তিরা কেউ জানেন না। রসায়নাগারের বিভিন্ন রাসায়নিক রেফ্রিজারেটরে রাখার নিয়ম। কিন্তু রেফ্রিজারটিও এখন বয়োবৃদ্ধ। একটি ডিস্ট্রিল ওয়াটার প্ল্যান্ট নষ্ট। মেটাল গলানোর চুল্লির কয়েল দেশে কিনতে পাওয়া যাচ্ছে না। রসায়নাগারের স্টোরকিপার আবুল কাশেম ১৯৯০ সাল থেকে কর্মরত। তিনি বলেন, কাজের প্রয়োজনে টুকটাক জিনিস কেনা হলেও বড় বা আধুনিক কোনো যন্ত্রপাতি ও রাসায়নিক পদার্থ কেনা হয়নি এখন পর্যন্ত।দায়িত্বপ্রাপ্ত কিপার শফিকুল আলম প্রথম আলোকে বলেন, কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে জাতীয় জাদুঘরের রসায়নাগারের তুলনায় বলা যায় প্রায় আকাশ-পাতাল তফাত।আগামী বছর জাতীয় জাদুঘর শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। আর আজ মঙ্গলবার ৭ আগস্ট জাদুঘর পালন করছে ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, জাদুঘরের ইতিহাস দীর্ঘদিনের। কিন্তু দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে জাদুঘর নিদর্শন সংরক্ষণ বিষয়ে আলাদা বিভাগ চালু আছে বলে জানা নেই। জাদুঘর রসায়নাগার বিষয়ে দেশে কোনো প্রশিক্ষণ একাডেমিও নেই।