সংরক্ষণে চাই সচেতনতা
সিলেটের পুকুর-দিঘি দখল-ভরাট প্রসঙ্গে সরকারি প্রতিষ্ঠান ও সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের উত্তর ছিল অনেকটা দায়সারা গোছের। যেন কারও কোনও দায় নেই। সিলেট সিটি করপোরেশনের সার্ভেয়ার বিজিতচন্দ্র দে বলেন, ‘নগরে ১৩টি দিঘি রয়েছে, তবে এগুলো দখল হলেও আমাদের কিছুই করার নেই। পরিবেশ অধিদপ্তর এগুলো দেখভাল করে থাকে।’পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ পরিদর্শক সরদার শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে লোকস্বল্পতা রয়েছে, তবে পুকুর-দিঘি ভরাট কিংবা দখলের সংবাদ পেলেই আমরা সেখানে ছুটে গিয়ে বাধা দিই। সবকিছু হয়তো আমাদের পক্ষে দেখভাল করা সম্ভব হয় না, তবে কোথাও কোনো পুকুর-দিঘি ভরাটের খবর পেয়ে যদি এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আমাদের জানায়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’সিলেটের দিঘি-পুকুর ‘নাই’ হয়ে যাচ্ছে—দায় কার? কথাপ্রসঙ্গে রসিকতার সুরে সাগরদিঘির পাড়ের এক বাসিন্দার ভাষ্য, ঘুরেফিরে কিন্তু দায় ‘পাবলিকেরই’। এ প্রসঙ্গে সিলেট পরিবেশ আন্দোলনের (সিপা) সদস্যসচিব আবদুল করিম জানান, দিঘি-পুকুর শূন্য হওয়ায় পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়ার চেয়েও নাগরিক জীবনের বড় সমস্যা হলো ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। তিনি জানান, সিলেটে দিঘি-পুকুরের হাল করুণ হওয়ায় শিশুসন্তানেরা সাঁতার জানে না। এ হার এখন উদ্বেগের। এ দিক বিবেচনায় দিঘি-পুকুর রক্ষার দায় কিন্তু নাগরিকের ওপরই বর্তায়। এ দায় হচ্ছে সচেতনতার।২০০৮ সালের ১ নভেম্বর সুবিদবাজার এলাকায় দস্তিদার দিঘি (নূরানি দিঘি) রক্ষায় একটি সামাজিক আন্দোলনের উদাহরণ টেনে সিপার সদস্যসচিব জানান, ওই দিঘি দখলযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন, পথসভাসহ বিভিন্ন কর্মসূচি করেও যখন কাজ হচ্ছিল না, তখন এলাকার কিছু তরুণ ‘গণসাঁতার’ কর্মসূচি ঘোষণা করে। দখলমুক্ত না হওয়া পর্যন্ত এক সপ্তাহ জুড়ে চলেছিল গণসাঁতার। একপর্যায়ে দিঘির দখলপ্রক্রিয়া থেমে যায়।