সংরক্ষণের জন্য বিশেষ পেটিকায় বনভান্তের মরদেহ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মীয় সাধক বনভান্তেখ্যাত সাধনানন্দ মহাস্থবিরের মরদেহ পেটিকাবদ্ধ (কফিনবন্দি) করা হয়েছে। এ উপলক্ষে আগামী ২ মার্চ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মরদেহ বিহারের সাধনা কুটিরে সংরক্ষণের জন্য চূড়ান্ত ব্যবস্থা করা হবে। সেখানে তিনি জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান জানান, এ ব্যবস্থায় মরদেহ সংরক্ষণ বাংলাদেশে প্রথম। দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের অনুরোধে বনভান্তের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কত দিন বা কত বছর সংরক্ষণ করা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। রাজবন বিহার দেশনালয়ে পেটিকাটি রাখা হয়েছে। এটি কাচ দিয়ে বিশেষ কায়দায় তৈরি। চারদিক থেকে মরদেহটি দেখা যায়। পেটিকাটি রাখার জন্য নিচে রয়েছে একটি আসন। আজও কয়েক হাজার নারী-পুরুষ মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। গত ৩০ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে বনভান্তের মহাপ্রয়াণ ঘটে। তারপর তাঁর মরদেহ রাঙামাটি রাজবন বিহারে নেওয়া হয়। তাঁকে এক নজর দেখতে ও শ্রদ্ধা জানাতে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ রাজনবন বিহারে যান। অপরদিকে রাজনবন বিহার পরিচালনা কমিটি বনভান্তের মরদেহ সংরক্ষণে বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান বিভিন্ন দেশে যোগাযোগ করেন। তাঁর মরদেহ কীভাবে সংরক্ষণ করা হবে তা নিয়ে লোকজনের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আগ্রহ।রাঙামাটি রাজনবন বিহার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের বিখ্যাত শ্রীরাজ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ গিয়ে বনভান্তের মরদেহ বিশেষ কায়দায় পেটিকাবদ্ধ করেন। এ ব্যবস্থায় মরদেহ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তাঁদের সহযোগিতা করেন রাঙামাটির চার চিকিত্সক সাবেক সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান, স্নেহ কান্তি চাকমা, সুশোভন দেওয়ান ও পরশ খীসা। ওই চার চিকিত্সককে বিশেষজ্ঞরা মরদেহ সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা বুঝিয়ে দিয়ে গেছেন। বনভান্তের শেষ জীবনে চিকিত্সায় নিয়োজিত এবং দেহ সংরক্ষণের মূল দায়িত্বে থাকা স্নেহ কান্তি চাকমা জানান, যে ব্যবস্থায় মরদেহ সংরক্ষণ করা হবে তা খুবই সাধারণ। কোনো ব্যয়বহুল ব্যাপার নয়। শুধু প্রথম অবস্থায় মরদেহে কিছু প্রসাধন লাগানোর ব্যবস্থা করতে হবে। স্নেহ কান্তি চাকমা আরও জানান, মরদেহ সংরক্ষণের এ ব্যবস্থা মমিফিকেশন নয়। এটি একটি আধুনিক বিশেষ ব্যবস্থা। থাইল্যান্ড ও মিয়ানমারে অনেক বৌদ্ধ ধর্মীয় সাধক ও বিশেষ ব্যক্তির মরদেহ এভাবে সংরক্ষিত আছে। এদিকে বনভান্তের শিষ্য জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ স্থবির ও মহামিত্র স্থবির জানান, থাইল্যান্ডের প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ধম্মকায়া ফাউন্ডেশনে বনভান্তের মহাপ্রয়াণের খবর জানানো হয়। এরপর সেখানকার পুণ্যার্থী লোকজন মরদেহ সংরক্ষণের জন্য নিজেরা পেটিকাটি কিনে পাঠিয়ে দেন। তাঁর জন্য রাজবন বিহারের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। এমনকি থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ দলের প্রধান বনভান্তের মরদেহ সংরক্ষণের কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি বলে তাঁরা জানান।