সংরক্ষিত আসনে মনোনয়ন চান কনকচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নতুন পাঁচটি সংরক্ষিত নারী আসনের একটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। কনকচাঁপার সঙ্গে ছিলেন তাঁর স্বামী সুরকার ও সংগীতপরিচালক মইনুল ইসলাম খান।বাংলাদেশের জনপ্রিয় এই গায়িকা ২৭ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩০টি একক গানের অ্যালবাম। চলচ্চিত্রের গান নিয়ে তাঁর সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে’। গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। গত বছরের অমর একুশে বইমেলায় ‘ছবির যাযাবর’ নামে একটি বই প্রকাশিত রয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি।গানের জন্য বিভিন্ন সময় কনকচাঁপা পেয়েছেন অসংখ্য পুরস্কার। এগুলো হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (তিনবার), বাচচাস (চারবার), মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার (চারবার), বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার (চারবার), ঢালিউড অ্যাওয়ার্ড (তিনবার), অনন্যা শীর্ষ ১০ ছাড়াও বিসিআরএ, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ থেকে বিভিন্ন সময় পুরস্কৃত হন তিনি। দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন থেকে পেয়েছেন বিশেষ সম্মাননাও।