সংরক্ষিত এলাকায় বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটখোলা রোডের ফুটপাতে বল্ধা গার্ডেনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে তিনটি বিজ্ঞাপন বোর্ড। এগুলোর জন্য ঢাকা পড়েছে গার্ডেনের পূর্ব পাশ। ফলে সকালের সূর্যালোক থেকে বঞ্চিত হচ্ছে বল্ধা গার্ডেনের সিবিলী অংশের উদ্ভিদ। আবার সড়কে চলাচলকারী ব্যক্তিরা উদ্যানের সবুজ দেখার সুযোগ পাচ্ছেন না। জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক জায়েদ হোসেন ভূঁইয়া বল্ধা গার্ডেনের পাশের বিজ্ঞাপন বোর্ডগুলো উচ্ছেদে মাস ছয়েক আগে ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত এগুলো উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি ডিসিসি। অথচ গত বছরের জুলাই মাসে ডিসিসি প্রণীত ‘ঢাকা মহানগরের সৌন্দর্যবর্ধন ও বিজ্ঞাপন নীতিমালা ২০০৯’ অনুযায়ী বল্ধা গার্ডেন পড়েছে ‘সাইন সংরক্ষিত এলাকা’য়। অর্থাৎ বল্ধা গার্ডেনের গা-ঘেঁষে কোনো ধরনের বিজ্ঞাপনী বিলবোর্ড থাকার কথা নয়। ডিসিসির তালিকায় বল্ধা গার্ডেনের মতো নগরের আরও অন্তত ২০টি সাইন সংরক্ষিত এলাকা রয়েছে। এর মধ্যে আছে উদ্যান, লেক, সরকারি হাসপাতাল, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা। কিন্তু এসবের ভেতর বা গা ঘেঁষে রয়েছে বিজ্ঞাপন বোর্ড। সেগুলো থেকে বিজ্ঞাপনী বিলবোর্ড সরাতে ডিসিসি কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। আর নীতিমালায় থাকা সাইন সংরক্ষিত এলাকার কথা এলাকাগুলোর কর্তৃপক্ষ, বিজ্ঞাপন ব্যবসায়ী ও নগরবাসীকে জানাতে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না ডিসিসি।নীতিমালায় যা আছেঢাকা মহানগরের সৌন্দর্যবর্ধন ও বিজ্ঞাপন নীতিমালা ২০০৯-এর ‘ঙ’ ক্রমতে বলা হয়েছে, ডিসিসি জনকল্যাণের স্বার্থে যেকোনো এলাকাকে সাইন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করতে পারে। এ ধরনের এলাকায় ‘সাইন’ প্রদর্শন নিষিদ্ধ। তবে প্রয়োজনীয়তা দেখা দিলে বিশেষ ক্ষেত্রে ডিসিসির অনুমোদন নিয়ে বিশেষায়িত সাইন বসানো যেতে পারে। তারা সময়ে সময়ে নিয়ম পরিবর্তন অথবা সংযোজন বা বিয়োজন করতে পারবে। সাইন সংরক্ষিত এলাকার সীমানা এর বাইরের ১০ মিটার পর্যন্ত কার্যকর হতে পারে। সাইন সংরক্ষিত এলাকার তালিকায় উল্লেখ করা স্থানগুলো ছাড়াও অন্য কোনো স্থান বা সরকারি গুরুত্বপূর্ণ ভবনকেও ডিসিসি সংরক্ষিত এলাকার তালিকায় যুক্ত করতে পারে।তালিকা করেই খালাস কর্তৃপক্ষ?নগরের অনেক ভবন ও স্থানের আকাশ ঢাকা পড়েছে বিশাল বিশাল বিজ্ঞাপনবোর্ডে। অপরিকল্পিতভাবে বসানো অনেক বোর্ডে নগরের দৃশ্যদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া কোথাও কোথাও বিজ্ঞাপন বোর্ড হয়ে পড়েছে ঝুঁঁকিপূর্ণ। নগরের নান্দনিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর আশপাশ খোলামেলা ও নিরাপদ রাখতেই সাইন সংরক্ষিত এলাকার তালিকা করা হয়েছে বলে ডিসিসি সূত্র জানায়। অভিযোগ রয়েছে, ডিসিসি এলাকার তালিকা করলেও এর প্রচারে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। হোসেনী দালান ইমামবাড়ার (ঢাকা) তত্ত্বাবধায়ক ফিরোজ হোসেন জানান, হোসেনী দালান যে ডিসিসির সাইন সংরক্ষিত এলাকার তালিকায় আছে, তা তাঁরা জানেন না। চিঠির মাধ্যমে বিষয়টি তাঁদের জানানো উচিত ছিল। নিয়মনীতি যদি জানানো না হয়, তবে মানুষ তা মানবে কীভাবে?এ বিষয়ে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ ও ঢাকা মহানগর সৌন্দর্যবর্ধন কমিটির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম জানান, তাঁদের নির্দিষ্ট কোনো জনবল নেই। জনবলের অভাবে নীতিমালার সব বিষয় নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। সংরক্ষিত এলাকাগুলো বিজ্ঞাপন বোর্ডমুক্ত রাখতে পর্যায়ক্রমে প্রচার চালানো হবে। তবে আউটডোর বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার অনুলিপি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।‘সাইন সংরক্ষিত এলাকা’য় আছে বিজ্ঞাপনবোর্ডসোহরাওয়ার্দী উদ্যানের অনেকাংশই ঢাকা পড়েছে বিজ্ঞাপন বোর্ডে। রমনা পার্কের মূল ফটকের (মৎস্য ভবনের বিপরীত পাশে) দুই পাশে এর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একাধিক বিজ্ঞাপন বোর্ড। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরেও (সাবেক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) দেখা গেছে বাহারি বিজ্ঞাপনের সাইনবোর্ড। অথচ ডিসিসির নীতিমালা অনুযায়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজ্ঞাপনী সাইনবোর্ড প্রদর্শন নিষিদ্ধ। নিষিদ্ধ এলাকায় বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে কীভাবে? এমন প্রশ্নে আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম জানান, সংরক্ষিত এলাকায় বিজ্ঞাপন বোর্ড বসানো উচিত নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ডিসিসি কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমোদন নিয়ে বিজ্ঞাপন বোর্ড বসানো হচ্ছে। সে ক্ষেত্রে বলা যায়, ডিসিসি নিজেই নীতিমালা মানছে না। ডিসিসি যদি নীতিমালা প্রয়োগে কঠোর হয়, তবে কেউ সংরক্ষিত এলাকায় বিজ্ঞাপনবোর্ড বসাতে পারবে না।এদিকে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ ও ঢাকা মহানগর সৌন্দর্যবর্ধন কমিটির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম দাবি করেন, সংরক্ষিত এলাকায় যেসব বিজ্ঞাপন বোর্ড দেখা যায় তার সবই অবৈধ। এগুলো ধাপে ধাপে উচ্ছেদ করা হবে।যেসব এলাকায় বিলবোর্ড নিষিদ্ধ বল্ধা গার্ডেন বাহাদুর শাহ পার্ক আহসান মঞ্জিল হোসেনী দালান লালবাগ কেল্লা জয়কালী মন্দির ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম  সোহরাওয়ার্দী উদ্যান রমনা পার্ক জাতীয় সংসদ ভবন রায়ের বাজার বধ্যভূমি জিয়া উদ্যান ওসমানী উদ্যান ধানমন্ডি লেক গুলশান বারিধারা লেক ঢাকা চিড়িয়াখানা, মিরপুর জাতীয় জাদুঘর বিমানবন্দর নগরের সরকারি হাসপাতালগুলো