সংরক্ষিত নতুন পাঁচ নারী আসনের সব কটিই পাচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত নতুন পাঁচটি আসনের সব কটিই পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’ অনুসারে কোন দল বা জোট কতটি আসন পাবে, তা নতুন করে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বিষয়টি জানিয়ে ১৬ অক্টোবর সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করা হয়। তাই নতুন করে পাঁচজন নারী সাংসদ নির্বাচন করতে হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলো অনলাইনকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরে পাঁচজন নারী সাংসদ নির্বাচনের কার্যক্রম শেষ করা হবে।আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া মোট আসনের ওপর আনুপাতিক হারে দলগুলোর অনুকূলে ৫০টি নারী আসন বণ্টন করা হবে। অর্থাত্, মোট সংরক্ষিত নারী আসনকে (৫০টি) মোট আসন (৩০০) দিয়ে ভাগ করার পর প্রাপ্ত ভাগফলকে একটি দলের পাওয়া মোট আসন দিয়ে গুণ করলে যে সংখ্যা দাঁড়ায়, তা-ই হবে সংসদে ওই দলের প্রাপ্য নারী আসন। তবে কোনো আসন অমীমাংসিত থাকলে (কোনো দল না পেলে) সেই আসনটি পাবে সর্বাধিক আসন পাওয়া দল।এরপর দলীয় সদস্যদের ভোটের মাধ্যমে দলের অনুকূলে বরাদ্দ হওয়া নির্দিষ্ট সংখ্যক নারী সাংসদ নির্বাচিত হবেন। এ ক্ষেত্রে কোনো দল বরাদ্দ হওয়া আসনের চেয়ে বেশি প্রার্থী মনোনয়ন দিলে ভোট গ্রহণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে সংরক্ষিত আসনের নারী সাংসদদের ভোটাধিকার থাকবে না। প্রার্থীর সংখ্যা বরাদ্দ পাওয়া আসনের সমান হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।এ হিসাব অনুযায়ী, গত সংসদ নির্বাচনের পর নারীদের সংরক্ষিত ৪৫ আসনের মধ্যে আওয়ামী লীগ, জাসদ ও ওয়ার্কার্স পার্টির জোট ২৩৯টি আসনের বিপরীতে ৩৬টি, বিএনপি ও বিজেপি জোট ৩২টি আসনের বিপরীতে পাঁচটি এবং জাতীয় পার্টি ২৫টি আসনের বিপরীতে চারটি আসন পায়।এখন নারী আসনের সংখ্যা ৫০-এ উন্নীত হওয়ায় নির্বাচন কমিশন নতুন করে দলগুলোর অনুকূলে আসন বণ্টন করেছে। তাতে আওয়ামী লীগ, জাসদ ও ওয়ার্কার্স পার্টি জোটের সংরক্ষিত আসন সংখ্যা ৩৬ থেকে বেড়ে ৪১-এ উন্নীত হয়েছে। অন্য দলগুলোর আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে হিসাব অনুযায়ী আওয়ামী লীগ জোটের ৪০টি আসন পাওয়ার কথা। একটি আসন অমীমাংসিত থাকায় সেই আসনটিও সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটি পেয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।