সংরক্ষিত পাহাড় কেটে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী, আদর্শগ্রামসহ বিভিন্ন স্থানের সংরক্ষিত উঁচু পাহাড় কেটে স্থাপনা তৈরি হচ্ছে। অব্যাহতভাবে পাহাড় কেটে ফেলায় হুমকির মুখে পড়েছে পরিবেশ-প্রতিবেশ।পাহাড়ধসের ঘটনায় গত কয়েক বছরে বহু লোক প্রাণ হারিয়েছে। জেলায় গত বছরের ১৫ জুলাই পাহাড়ধসে ৪৯ জনের মৃত্যু হয়।সরেজমিনে দেখা গেছে, সৈকতসংলগ্ন কলাতলী, আদর্শগ্রাম, লারপাড়া, জেলা কারাগারসহ বাইপাস সড়কের দুই পাশে সংরক্ষিত উঁচু পাহাড় কেটে হোটেল, মোটেল, বাড়িসহ নানা অবকাঠামো তৈরির হিড়িক পড়েছে। অনেকে খণ্ড খণ্ডভাবে পাহাড় দখল করে কাঁটা তার ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন।কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল জানান, শহরের বাইপাস সড়কের দুই পাশে প্রায় ১৫ একর পাহাড় দখল করে ইতিমধ্যে দুই শতাধিক স্থায়ী- অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বন বিভাগ অনুসন্ধান চালিয়ে অবৈধ দখলদার ৮৭ জনের দুটি তালিকা তৈরি করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ঈদুল ফিতরের ছুটিতে প্রভাবশালী মুজিবুর রহমান শতাধিক শ্রমিক দিয়ে কলাতলীর পাহাড়চূড়ায় স্থাপিত টিঅ্যান্ডটি মাইক্রোওয়েভ স্টেশনের (পশ্চিম পাশে) এক একর ২৫ শতক ভূমি দখলে নিতে শুরু করেন। তিনি পাহাড় কেটে সমতল করে তাতে টিন ও বাঁশের ১৬টি ঘর তৈরি করেছেন। এসব ঘরে বসতির জন্য কিছু লোকও ঠিক করেন তিনি। গত সোমবার ভোরে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় ২৭ জনকে গ্রেপ্তার করে। অবশ্য পরের দিন তারা জামিনে মুক্তি পান। ওই ঘটনায় জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মুজিবুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়।গত সোমবার বিকেলে টিঅ্যান্ডটি পাহাড়ের পশ্চিম পাশে ভূমি দখলের ভয়াবহ চিত্র দেখে বিস্মিত হন জেলা প্রশাসক মো. জয়নুল বারী। জেলা প্রশাসক বলেন, পাহাড় কেটে ভূমিদস্যুদের গড়ে তোলা ১৬টি বসতবাড়ি দ্রুত উচ্ছেদ করা হবে।মাইক্রোওয়েভ স্টেশনের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান জানান, ঈদের পরদিন থেকে ভূমিদস্যুরা স্টেশনের মালিকানাধীন প্রায় ২৫ কোটি টাকা দামের এক একর ২৫ শতক পাহাড় দখলে নিতে শুরু করে। দখলে বাধা দিতে গেলে তাঁকে একাধিকবার হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রকৌশলী মোহাম্মদ হাসান বলেন, যেভাবে টাওয়ারের নিচে জমি দখল ও উঁচু পাহাড় কেটে ফেলা হচ্ছে, তাতে যেকোনো সময় টাওয়ারসহ ভবনটি ধসে পড়তে পারে।সরেজমিনে দেখা গেছে, স্টেশনটির সাড়ে পাঁচ একর পাহাড়ের মধ্যে ইতিমধ্যে চার একর অবৈধ দখলে চলে গেছে। পাহাড়ের চূড়ায় প্রায় এক একর জমির ওপর দোতলা একটি ভবন, পাশে একটি উঁচু মাইক্রোওয়েভ টাওয়ার দাঁড়িয়ে আছে। পাহাড়ের চারদিকে টিনের বেড়া দিয়ে খণ্ড খণ্ডভাবে জমি দখলের চিত্রও নজরে পড়ে। এসব জমিতে এখন আধুনিক মানের বহুতল ভবন তৈরি হচ্ছে।জানা যায়, ১৯৭৬ সালে তৈরি এই মাইক্রোওয়েভ স্টেশনের টাওয়ারের মাধ্যমে কক্সবাজারের সঙ্গে সারা দেশের তারবিহীন টেলিযোগাযোগ, টেলিভিশন সম্প্রচার কার্যক্রম এবং সমুদ্র উপকূলবর্তী সেন্টমার্টিন দ্বীপ, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।প্রকৌশলী মোহাম্মদ হাসান বলেন, ‘পাহাড় দখলের ব্যাপারে আমরা শুরু থেকে বাধা দিয়ে আসছি। জমির মূল মালিক বন বিভাগকেও জানিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও জানানো হয়েছে। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যুদের থামানো যাচ্ছে না।’বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, ‘ওই জমি এখন বন বিভাগের নেই। ভূমি মন্ত্রণালয়ের অধীন। তারপরও আমরা পরিবেশ রক্ষার স্বার্থে ওই পাহাড়ে কয়েক দফা অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কয়েকটি মামলাও করা হয়। তারপরও পাহাড় দখল বন্ধ করা যাচ্ছে না।’ সংরক্ষিত পাহাড় দখল করে ঘরবাড়ি তৈরির কারণ জানতে চাইলে মালিক দাবিদার মুজিবুর রহমান বলেন, ‘টাকা দিয়ে এই জমি (পাহাড়) কিনে এখন মহাবিপদে পড়েছি। ইতিমধ্যে জমির বিপরীতে করা খতিয়ানটিও আদালত বাতিল করেছে। অবশ্য বাতিল আদেশের বিরুদ্ধে আমরা আপিল করেছি। যা এখন শুনানির পর্যায়ে। এই জমিতে বহুতল আবাসন প্রকল্প তৈরি হবে।’কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আবদুল্লাহ মো. মনজুরুল করিম জানান, ‘একসময় এই পাহাড়ের নিচের ভূমির বিপরীতে কিছু লোক রেজিস্ট্রি করে খতিয়ান করেছিলেন। মালিক দাবিদারের আপিল নিষ্পত্তি হলে স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি নিয়ন্ত্রণে আনা হবে।পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, আগে ভূমিদস্যুরা দিনে শ্রমিক দিয়ে পাহাড় কাটাতেন। এখন রাতের বেলায় পাহাড় কেটে সমতল করে অবকাঠামো তৈরি করা হচ্ছে। পরিবেশ রক্ষার স্বার্থে এখন থেকে পাহাড় কেটে ভবন তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না।জেলা প্রশাসক মো. জয়নুল বারী জানান, পরিকল্পিত কক্সবাজার গড়ে তুলতে সরকারিভাবে প্রায় ৯০ হাজার একর জমি নিয়ে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরি হচ্ছে। ইতিমধ্যে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে। এখন থেকে অবকাঠামো তৈরি করতে হলে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। অনুমতি না নিয়ে সংরক্ষিত এলাকায় গড়ে তোলা অবকাঠামো অচিরেই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।