সংরক্ষিত বনের গাছ কেটে পাকা সড়ক নির্মাণ!
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকায় সংরক্ষিত গর্জন বাগানের ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে প্রায় দেড় শ বছরের পুরোনো এই বাগানের ৩৬টি গর্জনগাছ কাটা পড়বে।সড়ক নির্মাণে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বলছেন, আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে বন বিভাগ সড়কের নির্ধারিত অংশের ৩৬টি গর্জনগাছ সরিয়ে না নিলে নিজেরা তা কেটে ফেলবেন। আর বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষমতা বন বিভাগের কারও নেই। অনুমতি দিতে গেলে সরকারকে ওই সংরক্ষিত বনাঞ্চলকে ‘অসংরক্ষিত’ ঘোষণা করতে হবে। তা ছাড়া সড়কটি নির্মিত হলে বনের প্রায় পাঁচ হাজার গর্জনগাছ বিলুপ্ত হয়ে যাবে। ধ্বংস হবে বন্য প্রাণীসহ জীববৈচিত্র্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭-০৮ অর্থবছরে এলজিইডি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে টেকনাফ উপজেলা সদর থেকে বাহারছড়া ইউনিয়ন পর্যন্ত ৩০ কিলোমিটারের সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বন বিভাগের দাবি, এর মধ্যে বন বিভাগের জমি পড়েছে প্রায় ১৭ কিলোমিটার। ২০০৭ সালের জুনে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উন্নয়ন করপোরেশন প্রকল্পের কাজ শুরু করে। ২০০৮ সালের জানুয়ারিতে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় সংরক্ষিত গর্জন বাগানের ভেতর দিয়ে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়। এতে ৩৬টি গাছ কেটে ফেলতে হবে এবং ভবিষ্যতে ২০০ একরের গর্জন বাগান রক্ষা করা সম্ভব হবে না—এই আশঙ্কায় বন বিভাগ সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির লোকজন গর্জন বাগানের ভেতরে পাকা রাস্তা তৈরির কাজ শুরু করলে স্থানীয় শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা বাধা দেন। এর প্রতিবাদে গত সোমবার বিকেলে স্থানীয় বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল্লাহর নেতৃত্বে কয়েক শ লোক শিলখালী রেঞ্জ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে সড়ক নির্মাণের জন্য গাছ সরিয়ে ফেলার ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। গতকাল বুধবার সকালে কক্সবাজার শহর থেকে ৮৫ কিলোমিটার দুরে জাহাজপুরা গ্রামে গিয়ে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে হাজার হাজার শতবর্ষী গর্জনগাছসমৃদ্ধ এ বাগানের ভেতর দিয়েই পাকা সড়কটি নির্মাণ করা হচ্ছে। এ সড়কে ইতিমধ্যে দুই শতাধিক ছোট বড় ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে। পাহাড় কেটে সড়ক নির্মাণের ফলে গোড়া থেকে মাটি সরে গিয়ে বড় বড় কয়েকটি গর্জনগাছ উপড়ে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল জানান, এলজিইডির অবৈধ এ সড়কের নির্মাণকাজে বাধা দেওয়ার কারণে স্থানীয় প্রভাবশালীরা নানামুখী হুমকি-ধমকি দিচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে দেড় শ বছরের পুরোনো কোটি টাকা দামের ৩৬টি গর্জনগাছ কেটে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। রেঞ্জ কর্মকর্তা জানান, প্রায় ২০০ একরের এই সংরক্ষিত গর্জন বাগানের ভেতর ১২০ থেকে ১৫০ বছর বয়সী পাঁচ হাজার ২৪টি গর্জন ছাড়াও দেড় হাজারের মতো তেরশূল, সিভিট, চন্দুলগাছ রয়েছে। রয়েছে অসংখ্য বন্য হাতি, বানর, হরিণসহ নানা প্রাণীর আবাসস্থল।নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের আরেক কর্মকর্তা জানান, এই বাগানের প্রতিটি গর্জনগাছের বর্তমান বাজারমূল্য তিন থেকে পাঁচ লাখ টাকা। স্থানীয় কতিপয় প্রভাবশালী চাইছেন বনের ভেতর দিয়ে সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করে মূল্যবান গাছগুলো সাবাড় করতে। এ ব্যাপারে জানতে চাইলে বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল্লাহ জানান, বাহারছড়া থেকে টেকনাফে চলাচলের বিকল্প কোনো সড়ক নেই। ২০০৭ সাল থেকে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও বন বিভাগের বাধার কারণে শেষ করা যাচ্ছে না। এতে জনদুর্ভোগ বাড়ছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ‘সড়কটি বন্ধ রাখার জন্য এলজিইডির সর্বোচ্চ মহলেও চিঠি দিয়ে যোগাযোগ করেছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’ তিনি বলেন, এই বাগান থেকে সংগ্রহ করা বীজ দিয়েই সারা দেশে গর্জন বাগান সৃজন করা হচ্ছে। ডিএফও জানান, গত দুই বছরে পাহাড় কাটা, বনের গাছ কেটে রাস্তা তৈরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। তার পরও অবৈধভাবে নির্মিত সড়কটির কাজ বন্ধ করা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উন্নয়ন করপোরেশনের স্বত্বাধিকারী মো. আতিকুল ইসলাম জানান, বন বিভাগের বাধার কারণে গর্জন বাগানের ভেতর দুই কিলোমিটারসহ দুই পাশে আরও প্রায় পাঁচ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। সড়কটি নির্মাণ করতে হলে ৩৬টি গাছ কাটতে হয়, কিন্তু বন বিভাগ অনুমতি দিচ্ছে না। ঠিকাদার আতিকুল ইসলাম বলেন, ‘এই গর্জন বাগানে হাজার হাজার গাছ রয়েছে। ৩৬টি গাছ কেটে ফেললে তেমন সমস্যা হতো না। বন বিভাগ নিলামে বিক্রি করলে আমি ওই গাছ কিনতেও রাজি আছি।’ ঠিকাদার আতিক জানান, ২০ মার্চের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ করা না গেলে জাপানি সাহায্যের টাকা ফেরত যাবে। তখন আর এই সড়ক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। তাই সড়কের দাবিতে স্থানীয় লোকজন আন্দোলন করছে।এলজিইডির টেকনাফ উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ জানান, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে টেকনাফ পুরোনো বাসস্টেশন থেকে বাহারছড়ার ইউনিয়নের শাপলাপুর বাজার পর্যন্ত ৩০ দশমিক ৩৬ কিলোমিটারের সড়ক (ডিসি রোড) নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বন বিভাগের বাধার কারণে সড়কের অবশিষ্ট কাজ শেষ করা যাচ্ছে না। প্রকৌশলী আমিন উল্লাহ জানান, জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন এই রাস্তা দিয়ে কয়েক যুগ ধরে লোকজন হাঁটাচলা করছেন। জনগণের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সড়কটি উন্নয়নের জন্য এলজিইডির কাছে হস্তান্তর করেন।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, এ সড়কে বন বিভাগের কিছু জমি পড়েছে। গর্জন বাগানের গাছ না কেটে রাস্তাটি করা যায় কি না, সেই চেষ্টা চলছে। জেলা প্রশাসক জানান, ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি তিনি এলাকায় গিয়ে আন্দোলনরত লোকজনের সঙ্গে বৈঠক করবেন। জাপানের দেওয়া অর্থ ফেরত গেলে সড়ক নির্মাণ নিয়ে বেকায়দায় পড়তে হবে।