সংরক্ষিত বনের পাশে ২২ ইটভাটা, ২০ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে ২২টি ইটভাটা ও ২০টি করাতকল। অভিযোগ রয়েছে, সংরক্ষিত বনের কাঠ এসব ইটভাটায় পোড়ানো ও করাতকলে চেরা হচ্ছে। এতে লোহাগাড়া ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চল ও চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য উজাড় হচ্ছে। চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আবুল হোসেন খান জানান, ১৫-২০ বছর আগে এ বনে বিরল প্রজাতির ৫০০ গাছ ছিল। এর অধিকাংশই বর্তমানে বিলুপ্ত। পদুয়া রেঞ্জের কর্মকর্তা ইদ্রিস আলী জানান, লোহাগাড়ায় ২০ হাজার একর সংরক্ষিত ও রক্ষিত বনাঞ্চল রয়েছে। এসব বন উপজেলার নয়টি ইউনিয়নে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০০১ অনুযায়ী, বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা ও ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ইটভাটা: উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, লোহাগাড়ায় ৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে আছে ২২টি। চরম্বা ইউনিয়নে গড়া ১৪টি ইটভাটার আটটি বনের আধা কিলোমিটারের মধ্যে। এগুলো হলো: নূরুল ইসলামের আইবিএম ইটভাটা, শাহ আলমের বিবিএম, নজির মেম্বারের এসবিএম, মো. জামালের এসএমবি, মো. রশিদের কেবিএম, নূরুল আলমের এমবিএম, আবদুল জব্বারের ফোর বিএম ও জামাল সওদাগরের বিবিএম ইটভাটা। নূরুল ইসলামের আইবিএম ইটভাটা রাজঘাটা এলাকায় সংরক্ষিত বনের ২০০ গজের মধ্যে অবস্থিত। এ প্রসঙ্গে নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেকেই তো এভাবে ইটভাটা করেছেন।’ তাঁর ভাটায় এবার কাঠের বদলে কয়লা পোড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সংরক্ষিত বনের কাছাকাছি এসএমবি ইটভাটাটি স্থাপনের কথা স্বীকার করেন মালিক মো. জামালের ছেলে দেলোয়ার হোসেন। দেলোয়ার দাবি করেন, ‘বনের কাঠ আমরা ইটভাটায় ব্যবহার করি না।’ উপজেলার পুটিবিলা ইউনিয়নে চারটি ভাটা বনের দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত। এগুলো হলো: খায়ের আহমদের কেএন ব্রিকস, জয়নাল আবেদিনের রহমানিয়া ব্রিকস, মনজুরুল আলমের বড় মাওলানা ব্রিকস ও গৌড়স্থানের মো. ইদ্রিসের আরএন ব্রিকস।বড়হাতিয়া ইউনিয়নে চারটি ও পদুয়া ইউনিয়নে তিনটি ভাটা রয়েছে বনের তিন কিলোমিটারের মধ্যে। এ ছাড়া চুনতি ইউনিয়ন, লোহাগাড়া সদর ইউনিয়ন ও কলাউজান ইউনিয়নে একটি করে ইটভাটা বনের তিন কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে। লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নূরুচ্ছফা বলেন, ‘নিয়মনীতির তোয়াক্কা না করে বনাঞ্চলের আশপাশে ইটভাটাগুলো গড়ে তোলা হয়েছে। আমরা ভাটা মালিকদের বনের কাঠ না পোড়ানোর জন্য বলেছি।’ করাতকল: বন বিভাগ সূত্র জানায়, উপজেলায় ৪৮টি করাতকলের মধ্যে সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে রয়েছে ২০টি। এর মধ্যে চুনতিতে তিনটি, বড়হাতিয়ায় পাঁচটি, আধুনগরে দুটি, পুটিবিলায় চারটি, চরম্বায় চারটি, কলাউজানে দুটি করাতকল বনের কাছেই অবস্থিত। বন বিভাগের পদুয়া রেঞ্জের কর্মকর্তা ইদ্রিস আলী জানান, লোহাগাড়ার সব কটি করাতকলের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পদুয়া, চরম্বা, লোহাগাড়া সদর, পুটিবিলা, বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন করাতকলে প্রচুর কাঠ চেরাইয়ের জন্য রাখা হয়েছে। এলাকাবাসী জানান, চোরাচালানিরা বনের কাঠ কেটে এসব করাতকলে চিরে পাচার করেন। চরম্বা নোয়াবাজার এলাকায় বনের আধাকিলোমিটার দূরে অবস্থিত একটি করাতকলের মালিক গুরা মিয়া। তিনি দাবি করেন, তাঁর করাতকলে স্থানীয় লোকজনের কাঠ ও বৈধভাবে সংগৃহীত কাঠ চেরা হয়। তিনি বলেন, ‘লোহাগাড়ার কোনো করাতকলেরই লাইসেন্স নেই।’ নিজের করাতকলের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে বলে স্বীকার করেন করাতকল মালিক সমিতির উপদেষ্টা মো. নাছির উদ্দিন। মেয়াদোত্তীর্ণ করাতকলে বিদ্যুৎসংযোগ থাকার ব্যাপারে লোহাগাড়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম বলেন, তাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে অবৈধ করাতকলের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কর্মকর্তারা যা বলেন: চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) বখতিয়ার নূর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বনাঞ্চলের আশপাশে ইটভাটা ও করাতকল স্থাপন সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছি।’ তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়া ও পরিবেশের ক্ষতি করার দায়ে সম্প্রতি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চারটি ইটভাটাকে ৫৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটা চারটি বন্ধ করে দেওয়া হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, ‘আইন না মেনে যেসব ইটভাটা ও করাতকল গড়ে উঠেছে, সেগুলোর মালিকের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে।’