পুরান ঢাকার সংরক্ষিত ঐতিহ্যবাহী ভবনগুলো সংস্কারের অভাবে ধ্বংসের মুখে পড়েছে। এগুলো রক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোনো নীতিমালা হয়নি। যদিও গত বছরের ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে একটি কমিটি করা হয়েছিল।বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নগর উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছর ১২ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকাসহ সাতটি এলাকার কয়েকটি নির্দিষ্ট রাস্তা এবং ৯৩টি বাড়ি ও স্থাপনা ঐতিহ্যবাহী ও সংরক্ষিত ঘোষণা করা হয়। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সংরক্ষিত বাড়িগুলো রক্ষার জন্য একটি নীতিমালা করা হবে। কিন্তু সে লক্ষ্যে আজও কাজ শুরু হয়নি।নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত বাড়িগুলোর সুরক্ষার জন্য কী করা যায়, সে বিষয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি। নীতিমালা প্রণয়নের জন্য আগে যে কমিটি করা হয়েছিল, ইতিহাসবিদ ও নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে সেই কমিটিকে আরও শক্তিশালী করা হয়েছে। এই কমিটি নীতিমালা প্রণয়ন করবে।’১০ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হওয়ার পর সংরক্ষিত ভবনগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এগুলোর বেশির ভাগই জরাজীর্ণ, সে কারণে বেশি ঝুঁকিপূর্ণ।এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান বলেন, ভবনগুলোর বিষয়ে করণীয় সম্পর্কে জানতে শিগগিরই নগর উন্নয়ন কমিটির কাছে নির্দেশনা চাওয়া হবে। তার আগে নিজেদের মধ্যে আলোচনা করা হবে। তবে পরিচালক মনে করেন, সংরক্ষিত সব ভবন ঢালাওভাবে ভেঙে ফেলার পক্ষে কেউ থাকতে পারেন না। কারণ সব ভবন অতিরিক্ত মাত্রায় ঝুঁকিপূর্ণ নয়।এদিকে ভূমিকম্পের পর ঢাকা সিটি করপোরেশনও (ডিসিসি) সংরক্ষিত বাড়িগুলো নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। তারাও সংস্কার ও মজবুতকরণের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এ বিষয়ে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন, সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।রাজধানীর ঐতিহ্যবাহী ভবনগুলো রক্ষণাবেক্ষণের কাজে বেসরকারিভাবে নিয়োজিত আছে আরবান স্টাডি গ্রুপ নামের একটি সংগঠন। সংগঠনের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, সংরক্ষিত ভবন হিসেবে তালিকাভুক্ত করার আগে এ ধরনের একটি বিষয় আলোচনায় উঠে এসেছিল, স্থাপনাগুলোকে ‘মজবুতকরণ’ করতে হবে, যেন এগুলোকে ঝুঁকিমুক্ত রাখা যায়। কিন্তু গেজেট প্রকাশের দীর্ঘ সময় পরও এ কাজ শুরু করা যায়নি।তাইমুর ইসলাম বলেন, ভূমিকম্পের পর বাড়িগুলো নিয়ে ব্যাপক কথা হচ্ছে। জীবনের নিরাপত্তার ব্যাপারে দ্বিমত থাকতে পারে না। সে কারণেই ভবনগুলোর সংস্কার বা মজবুতকরণ জরুরি।পুরান ঢাকার শাঁখারীবাজার অন্যতম সংরক্ষিত এলাকা। এশীয় উন্নয়ন ব্যাংক আগে থেকেই এ এলাকা সংরক্ষণের পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়। এ জন্য প্রাথমিকভাবে ১০টির মতো ভবনকে সংরক্ষণের চিন্তা করা হয়েছে। যুক্তরাষ্ট্রও শাঁখারীবাজারের ১০টি বাড়ি সংরক্ষণের বিষয়ে আগ্রহী বলে জানা গেছে। তবে ওই এলাকায় ৬৪ ও ১৩৫ নম্বর ভবন সংস্কার করলেও ‘ঝুঁকিপূর্ণ’ থাকবে বলে রাজউকের দায়িত্বশীল সূত্রে জানা যায়।এদিকে পুরান ঢাকার সুতারনগরের উৎসব পোদ্দার লেনের ২৮ নম্বর প্লটে অবস্থিত দোতলা বাড়িটি যেকোনো সময় ভেঙে পড়বে—এমন আশঙ্কায় এলাকাবাসী চিন্তিত। এ নিয়ে এলাকায় প্রতিদিন আলোচনা হয়। রাজউক ও আরবান স্টাডি গ্রুপ অভিযোগ করেছে, মালিক নিজেই বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ করে রেখেছেন। তাদের মতে, এই বাড়িতে কারও বাস করা উচিত নয়। এলাকাবাসী জানান, বাড়িটির পেছনের কিছু অংশ আগেই ভেঙে ফেলা হয়েছিল। কিছুদিন আগে সামনের কিছু অংশও ভাঙা হয়। এখানে বহুতল ভবন তৈরির গুঞ্জনও আছে।ভাঙার খবর জানার পর গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় রাজউকের একটি প্রতিনিধিদল এলাকায় গিয়ে মালিকদের বাড়ি ভাঙা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। মালিক পক্ষ লিখিত নির্দেশ চাইলে রাজউক থেকে তাও দেওয়া হয়।গতকাল শুক্রবার এলাকায় গিয়ে দেখা যায়, পেছনে কিছুটা ভাঙা হলেও ‘ইউ’ আকৃতির বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে। ওয়ারিশ সূত্রে বাড়িতে কয়েকটি পরিবার বসবাস করছে। বসবাসরত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাড়িটির বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে।