সংলাপ বর্জন করেছে ইসলামী ঐক্যজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের বর্জনের মধ্য দিয়ে আজ সোমবার রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনও সংলাপে যোগ দেয়নি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আজ সংলাপে অংশ নেয়। সংলাপের আলোচ্যসূচি ছিল সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে; কিন্তু চারটি দলই বেশির ভাগ সময় ব্যয় করেছে অন্যান্য প্রসঙ্গে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, বিভিন্ন শক্তির কবলে পড়ে দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। দেশের গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলগুলো খুব বেশি সময় পায়নি। ভবিষ্যতে যাতে আর বাধাগ্রস্ত না হয়, সে জন্য কমিশন নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চায়। এতে গণতন্ত্র সুসংহত হবে।সংলাপে চার নির্বাচন কমিশনার—আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সকাল ১০টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপ শুরু হয়। এতে দলের পক্ষ থেকে সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে ইসির একক কর্তৃত্ব থাকতে হবে। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের ব্যাপারেও ইসির কর্তৃত্ব বাড়াতে হবে। বর্তমানে বড় দলগুলো ইসিকে পাত্তা দেয় না। এ ছাড়া ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে জনসংখ্যাকে গুরুত্ব না দিয়ে প্রশাসনিক একককে প্রধান্য দিয়ে সংসদীয় আসনের সীমানা বিন্যাস, কারচুপি রোধে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার এবং নির্বাচন এক দিনে না করে প্রতিটি বিভাগে আলাদা আলাদা দিনে করার সুপারিশ করা হয়। বেলা ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ হয়। এতে দলের আমিরের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন্দ বলেন, তাঁদের দল ইভিএমে ভোট নেওয়ার পক্ষে। তবে তার আগে এ বিষয়ে সব দলের আস্থা অর্জন করা জরুরি। তিনি জনসংখ্যার ওপর প্রাধান্য না দিয়ে ভোটারসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের পক্ষে মত দেন। বিকেলে অনুষ্ঠিত সংলাপে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী আগামী নির্বাচন এই কমিশনের অধীনে হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি আগামী নির্বাচনের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, সামনে সংঘাতময় সময় আসছে। বিকেল সোয়া চারটার দিকে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। তাঁরা সব দলের অংশগ্রহণের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন। বিএনপি, আওয়ামী লীগকে বুর্জোয়া দল উল্লেখ করে তাঁরা বলেন, এদের মাধ্যমে কমিশন যেন প্রভাবিত না হয়।