সংলাপ হবে সংবিধান অনুযায়ী: বনমন্ত্রী
বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। তবে সংলাপ হবে সংবিধান অনুযায়ী। আলোচনার বিষয়বস্তু হবে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান রেখে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়।’আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।বনমন্ত্রী বলেন, দেশের মানুষ যখন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মানুষের দুর্যোগ বাড়াতে বিরোধী দল হরতাল ডাকল। পরে আবার ওই হরতাল প্রত্যাহার করা হয়েছে। জনগণের কথা মাথায় থাকলে কখনো হরতাল দেওয়ার চিন্তা করতে পারত না বিরোধী দল।খালেদা জিয়াকে যুদ্ধাপরাধী আর জঙ্গিবাদের নেত্রী আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, জামায়াতের সঙ্গে জোট করে ও তাদের নিয়ে কর্মসূচি পালন করে তিনি অনেক আগেই যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের নেত্রী হয়েছেন।শেখ হাসিনা ক্ষমতার রাজনীতি করেন না দাবি করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যেমন কখনো ক্ষমতার রাজনীতি করেননি, তেমনি শেখ হাসিনাও ক্ষমতার রাজনীতি করেন না। ক্ষমতার রাজনীতি করেন খালেদা জিয়া। এ জন্য তিনি যেনতেনভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছেন। তাঁর সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের সব নেতাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বলরাম পোদ্দার প্রমুখ।