সংলাপকে এড়াতে সরকার তৃতীয় শক্তির জুজু দেখাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, দলীয় নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া, নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে মাঠে আন্দোলন করছে প্রধান বিরোধী দল বিএনপি। দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে শুরুতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সেই অবস্থান থেকে কিছুটা পিছু হটে সরকারকে আরও কিছুটা সময় দেওয়ার নীতি নিয়েছে দলটি। তবে দাবি আদায় না হলে ঈদের পর আবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির সর্বশেষ রাজনৈতিক অবস্থান নিয়ে কথা হলো দলটির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের সঙ্গে। সেই সাক্ষাত্কারের চৌম্বক অংশ তুলে ধরা হলো:প্রথম আলো: আপনারা দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আন্দোলন করছেন। সরকার বলছে, সংসদে গিয়ে আপনাদের বক্তব্য তুলে ধরার জন্য। আপনারা সংসদে যাচ্ছেন না কেন?আ স ম হান্নান শাহ: কোন সংসদে যাব? আমাদের বক্তব্য স্পষ্ট। এই সংসদে বিরোধী দলের বক্তব্য তুলে ধরার মতো কোনো পরিবেশ নেই। এটা সংসদে গিয়ে আলাপ করতে হবে, এটা কোথায় লেখা আছে? ছয় দফা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যত আন্দোলন, কোনটা সংসদে গিয়ে হয়েছে? একটাও হয়নি। সব বাইরে হয়েছে। আমরা তো উল্লুকও না, আর গাধাও না। যে সংসদে ওদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, আমরা সেখানে প্রস্তাব ওঠাব আর তারা কণ্ঠ ভোটে না করে দেবে। আর বলবে, সংসদ দেয়নি। আমরা তাদের সে ফাঁদে পা দেব নাকি? সংসদে যাওয়ার প্রশ্নই আসে না।আর সরকারের সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি তো ছিল না। প্রতিশ্রুতি ছিল ১০ টাকা কেজি চাল খাওয়ানোর। সেটা করছে না। বাকশালকে ভিন্ন নামে তারা তা কায়েম করতে চাইছে। তারা আবার গণতন্ত্রের কথা বলে। সংসদের কথা বলে। পাঁচ মিনিটে সেখানে তারা বিল পাস করে ফেলে। এমন বিলও পাস করেছে, যা ভুল, তারা নিজেরাও স্বীকার করছে। তাহলে এমন সংসদে যাব কেন?প্রথম আলো: তাহলে....?হান্নান শাহ: সংলাপ হতে হবে সংসদের বাইরে এবং উদ্যোগ নিতে হবে সরকারকে।প্রথম আলো: আপনারা কঠোর আন্দোলনেও কথাও বলছেন—আন্দোলন না সংলাপ, কোন দিকে আপনারা এগোবেন? হান্নান শাহ: আমরা সংলাপ চাই। যদি তারা সংলাপ না করতে চায়, তাহলে অবশ্যই এমন অবস্থা সৃষ্টি করা হবে যে সংলাপ করতে তারা বাধ্য হবে। এরই মধ্যে তারা সংলাপকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য আবার আমাদের তৃতীয় শক্তির জুজু দেখাচ্ছে।প্রথম আলো: সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে একটি অভিযোগ উঠেছে। এ বিষয়টি আপনি কীভাবে দেখেন?হান্নান শাহ: আমি এতে বিস্মিত হইনি। অবাকও হয়নি। সবাই চায় তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে। সরকার যদি মনে করে থাকে, তারা বিএনপি ভাঙবে, দুয়েকটা লোভী মানুষ তো আছেই। যাদের হয় টাকা-পয়সা দিয়ে বা অন্যভাবে দলছুট করা যায়। কিন্তু যে জায়গায় ফখরুদ্দীন, মইনউদ্দীন, বর্তমান সরকারসহ কিছু বিদেশি শক্তি বিএনপিকে ভাঙতে পারে নাই। যদিও সংস্কারপন্থী নামে একটা অংশ বানানো হয়েছিল তারাও ধোপে টেকে নাই। এখন যদি কেউ মনে করেন, বিএনপিকে ভাঙবেন, তাঁরা বোকার রাজ্যে বাস করছেন। প্রথম আলো: গ্রেপ্তারের পর আপনার/আপনাদের ওপর এ ধরনের কোনো চাপ ছিল?হান্নান শাহ: আমার জানা নাই। প্রথম আলো: ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর আপনারা আন্দোলন শুরু করেছিলেন। জেলেও গিয়েছেন। কিন্তু এখন আর তেমন কোনো কর্মসূচি নেই। তাহলে কী ইস্যুটি...হান্নান শাহ: অনেকে মনে করেন, ইলিয়াস আলীকে গুম করেছে সরকার। দেশে বিদেশে অনেকে বলছে, সরকারের পৃষ্ঠপোষকতায় অথবা সরকারের বিভিন্ন বাহিনী অনেক গুম-কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এটা তো চরম মানবতাবিরোধী অপরাধ। এ অপরাধ যাঁরা করছেন, একদিন তদন্ত করে তাঁদের শনাক্ত করে বিচার করা হবে।যেকোনো একটা ইস্যু নিয়ে কি চিরদিন আন্দোলন করা যায়? আমরা সন্দেহ করি, সরকারেরই কোনো বাহিনী তাঁকে গুম করেছে। আমরা বারবার বলছি, সরকার তাঁকে গুম করেছে। তাঁকে উদ্ধার করার দায়িত্বও সরকারের। আমরা দেখেছি, চোখের সামনে চৌধুরী আলম, ইলিয়াস আলী ও তাঁর ড্রাইভারকে গুম করা হয়েছে। কয়েক দিন আগে সিলেটের দুজন ছাত্রনেতাকে গুম করা হয়েছে। এসব তো আমাকে বলতে হচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সমানে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, শিগগিরই ইলিয়াস আলীকে উদ্ধার করা যাবে। প্রধানমন্ত্রী ইলিয়াস আলীর পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন, উদ্ধার করা হবে। কিন্তু হয়নি। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তারা এ বিষয়ে আর আগ্রহ দেখাচ্ছে না। আমরা বুঝেছি, কালক্ষেপণ করে মানুষের মন থেকে এ ইস্যুটা সরিয়ে দেওয়ার কৌশলটা সরকার নিয়েছে। প্রথম আলো: আপনার সংসদীয় এলাকার আওয়ামী লীগ দলীয় সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছেন, বিষয়টি আপনি কীভাবে দেখেন?হান্নান শাহ: দেখুন উনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। উনার বাবা এ দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ উনার বাবাকে অপমান করে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়। এরপর সোহেল সাহেবের চাচা প্রতিমন্ত্রী হন। উনাকেও তিন মাস যেতে না-যেতে অযোগ্য, দুর্নীতিবাজ ইত্যাদি আখ্যা দিয়ে বরখাস্ত করা হলো। পরে যখন বলা হলো মন্ত্রীকে বরখাস্ত করা যায় না, তখন তাঁর কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হলো। আর সর্বশেষ সোহেল সাহেব কী কারণে পদত্যাগ করেছেন—উনি বলেছেন ব্যক্তিগত কারণে। উনি বলেছেন, দলের মধ্যে কথা বলতে পারছেন না, অন্যায়ের প্রতিকার করতে পারছেন না। এলাকার লোকজনের চাহিদা মোতাবেক তো দূরের কথা, এলাকার কোনো উন্নয়নই করতে পারছেন না। আমি মনে করি, উনার প্রতিটি বক্তব্য সঠিক। একজন ভদ্রলোকের সন্তান হিসেবে উনি নিজের মান-মর্যাদা-আত্মসম্মান রক্ষার জন্য পদত্যাগ করেছেন। কিন্তু উনি পদত্যাগ করেছেন কত বছর হলো এখনো তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। সর্বশেষ তিনি সংসদ সদস্যপদ থেকেও পদত্যাগ করলেন, সেটা নিয়েও তারা বিভিন্ন কলাকৌশল করছে। কারণ তারা জানে, এখন নির্বাচন দেওয়া হলে কাপাসিয়ায় তাদের ভরাডুবি হবে। এ আশঙ্কায় তারা এটি গ্রহণ করছে না। একই কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও দিচ্ছে না। এ সরকার জনগণকে ভয় পায়। তারা সংবিধান সংশোধন করেছে। নিয়ম ছিল সংবিধান সংশোধন করলে গণরায়ে তার আবার ম্যানডেট নিতে হয়। তারা এমনভাবে করল, ওইখানে লিখে দিল, গণরায়ের কোনো প্রয়োজন নেই। অর্থাত্ জনগণের আর প্রয়োজন নেই। তাই তারা ছলেবলে-কৌশলে তাদের দলীয় সরকারে মাধ্যমে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চায়।