সংলাপে অংশ না নিলে বিএনপির জন্য অপেক্ষা নয়: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে বিএনপি অংশ না নিলে দলটির জন্য অপেক্ষা করা হবে না। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকবে বলেও তিনি জানান। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।সিইসি বলেন, সংলাপে অংশ নিতে প্রধান বিরোধী দল বিএনপিকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। এর পরও তারা সংলাপে না এলে কিছু করার নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, বিরোধী দল জাতীয় সংসদে যায় না। জাতীয় সংসদ কি বন্ধ হয়ে আছে? ইভিএমের ব্যবহার বিষয়ে এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন ইভিএমের ব্যবহার চালিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো ইভিএম ব্যবহার করা হবে না। তবে পরীক্ষা-নিরীক্ষা করতে দোষ নেই। এ ক্ষেত্রে কারও বাধা শোনারও দরকার নেই। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণের সময় দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতার বিষয়টি উল্লেখ করে সিইসি বলেন, এসব সহিংসতা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ইভিএম চালু করা। প্রসঙ্গত, বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের নির্ধারিত দিন ছিল ১৩ জুন। অনিবার্য কারণে তা স্থগিত করে সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপিকে ১৯ থেকে ২২ জুন সময় বেঁধে দেওয়া হয়।