সংলাপে না যাওয়াটা বিএনপির ‘রাজনৈতিক কৌশল’
নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে বিএনপির যোগদান না করাকে দলটির ‘রাজনৈতিক কৌশল’ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। আজ রোববার তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনব্যবস্থা নিয়ে সংকট কেটে গেলে বিএনপি সংলাপে আসবে। বিএনপির জন্য সব সময় সংলাপের দরজা খোলা আছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ইসি নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। আজ কমিশন কার্যালয়ে পৃথকভাবে ইসির সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সংলাপের দিন ধার্য ছিল। কিন্তু দল দুটি যায়নি। অবশ্য বিএনপি গত বৃহস্পতিবার কমিশনকে চিঠি দিয়ে সংলাপকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করে এতে যোগ না দেওয়ার কথা জানায়। তবে জামায়াত কোনো চিঠি দেয়নি। আজ নির্ধারিত দিনে অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও ইসলামিক পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয়। খেলাফত মজলিস সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায়। দলটি মনে করে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। খেলাফত মজলিসের নেতারা বলেছেন, এক শ্রেণীর মানুষ ধর্মীয় রাজনীতি বন্ধের জন্য চাপ দিচ্ছে। এদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে কোনো সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন তাঁরা। সংলাপে খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সংলাপ শেষে কাজী রকিব উদ্দীন আহমেদের কাছে সাংবাদিকেরা জানতে চান, সংবিধানের ১২৩(খ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময় সংসদ বহাল থাকলে এবং সাংসদেরা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিলে তাতে সবার জন্য সমান সুযোগ থাকবে কি না? সিইসি জবাব দেওয়ার আগেই ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক। তিনি প্রশ্ন কীভাবে করতে হয়, তা শিখে আসতে সাংবাদিকদের উপদেশ দিতে গিয়ে বলেন, ‘আপনারা তসলিমা নাসরিনের ‘‘খ’’ পড়ে আসেন।’