আইনানুগ প্রক্রিয়ায় এবং জনতার শক্তি দিয়েই সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলা করবে। ষড়যন্ত্রকারীরা অতীতেও পরাজিত হয়েছে, এবারও হবে। আর এ বিষয়ে সংলাপে বসতে সরকার সব সময় প্রস্তুত। বিরোধী দল সংসদে এসে আলোচনা করতে সমস্যা কোথায়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতা ও তাণ্ডব, পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা কথা বলেন মন্ত্রী।জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিভিন্ন মহল থেকে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ বা আলোচনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা আলোচনার পক্ষে। জাতীয় সংসদে আলোচনা হবে। বিরোধী দল সংসদে এসে আলোচনা করুক। তাদের বক্তব্য পেশ করুক।’সংসদের বাইরে আলোচনা হলে সমস্যা কী, জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, সরকারি ও বিরোধী দল বিভিন্ন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত থেকে নানা বিষয়ে আলোচনা করছে। অনেক সিদ্ধান্ত হচ্ছে। জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্য হিসেবে তাঁরা সরকারি সফরে একসঙ্গে বিদেশে যাচ্ছেন। তাহলে সংসদে এসে আলোচনা করতে সমস্যা কোথায়?বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চাইছে। বিরোধী দলের এই দাবি সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, তখন সরকারব্যবস্থা কেমন থাকবে, তা সংবিধানে লেখা আছে। সংবিধান অনুযায়ীই দেশে জাতীয় নির্বাচন হবে। বিএনপি-জামায়াতের সাম্প্রতিক আন্দোলন সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিরোধী দল আন্দোলনের নামে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। জনগণ ও রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে কখনো নিজের হাতে আইন তুলে নেয়নি। কারণ, জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। তাই মানুষের প্রতি আমাদের মমত্ববোধ বেশি। কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল রাষ্ট্র ও জনগণের সম্পদের ক্ষতি করতে পারে না।’যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর সবাইকে জানিয়েই আমরা বিচারপ্রক্রিয়া শুরু করেছি। এখন এই বিচারপ্রক্রিয়া একটা পর্যায়ে পৌঁছেছে। তিনটা মামলার রায় হয়েছে। একটা রায়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে নতুন প্রজন্ম বিক্ষোভে ফেটে পড়ে। দ্বিতীয় রায়ের পর জামায়াত সহিংস রূপ নিয়ে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এটাই তাদের আসল চেহারা। এরা বিএনপির সঙ্গে ক্ষমতায় থাকাকালে জেএমবির জন্ম দেয়। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র খালাস করে। এদের চরিত্রই হচ্ছে সহিংসতা, তাণ্ডব আর নৈরাজ্যের। কিন্তু সরকার নৈরাজ্যের দিকে যেতে পারে না। আইনানুগভাবেই সরকার এদের সহিংসতা ও তাণ্ডব মোকাবিলা করে জননিরাপত্তা বিধান করবে।’