তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনীতিবিদদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপই সবচেয়ে গ্রহণযোগ্য ও কার্যকর পথ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাংবাদিকেরা এ সময় প্রশ্ন করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে বিএনপি অংশ না নিলে আগামী সংসদ নির্বাচন জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য হবে কি না। বান কি মুন জবাবে বলেন, ‘বাংলাদেশে কোন পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ক্ষেত্রে জাতিসংঘের কোনো কিছু বলার নেই। তবে জাতিসংঘ চায় সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন।’বান কি মুন বলেন, ২০১৪ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে। রাজনৈতিক দলগুলো চাইলে এ সহায়তা তারা পাবে। জাতিসংঘ মহাসচিব এ সময় আরও বলেন, ‘২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে আমি বাংলাদেশ সফর করে তখনো বলেছিলাম, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন চায় জাতিসংঘ। ২০০৮ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়েছে।’ বান কি মুন বলেন, বাংলাদেশের একটি শক্তিশালী সুশীল সমাজ রয়েছে। একটি শক্তিশালী ও সক্রিয় সুশীল সমাজ একটি বড় ধরনের শক্তি। নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে ভূমিকা রাখছে। উন্নয়ন চ্যালেঞ্জের দিক থেকে শুধু নয়, চ্যালেঞ্জ মোকাবিলা বা সমাধানেও বাংলাদেশ বিশ্বের সামনের সারির দেশ বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ সদস্য সরবরাহ বাংলাদেশ থেকে হচ্ছে—এ তথ্য উল্লেখ করে সাংবাদিকেরা জানতে চান, জাতিসংঘের শীর্ষস্থানীয় পদগুলোতে বাংলাদেশের নাগরিকদের নিয়োগ দেওয়া হচ্ছে না কেন। উত্তরে বান কি মুন বলেন, সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি জাতিসংঘের বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। সিরিয়া পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বলেন, প্রেসিডেন্ট আসাদ নিজ জনগণকে হত্যা করছেন। এই হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। তিনি যদি গণহত্যা বন্ধ না করেন, তাহলে জাতিসংঘ তা বন্ধের উদ্যোগ নেবে। লিবিয়া পরিস্থিতি সম্পর্কে বান কি মুন তাঁর সাম্প্রতিক লিবিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশটির সামনে অনেক চ্যালেঞ্জ আছে। জাতিসংঘ এ ক্ষেত্রে লিবিয়ার জনগণের পাশে থাকবে। লিবিয়া পরিস্থিতি ‘শেষ থেকে আবার শুরু’ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।