বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর মনে হচ্ছে, সংলাপে বসতে সরকারের আহ্বান রাজনৈতিক অপকৌশল ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। সরকারের এ ফাঁদে পা দেবে না বিএনপি। গণভবনে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদি বিএনপির দাবি মেনে নিই, তাহলে আলোচনার কী আছে?’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে মওদুদ আহমদ গত রাতে প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি বলেন, সংলাপে বসা নিয়ে বিএনপির অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বলেনি, আগে তাদের দাবি মানতে হবে, তাহলে তারা সংলাপে বসবে। বিএনপির অবস্থান হলো, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সংলাপে এটা নিয়ে আলোচনা হতে হবে।বিএনপির এই নেতা বলেন, সংলাপে বসতে আগে এজেন্ডা ঠিক করতে হবে। নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে যদি আলোচনা না হয়, তাহলে সংকট কাটবে কীভাবে। বিরোধী দলের আন্দোলনের মূল বিষয়টি যদি এজেন্ডায় না থাকে, তাহলে সেই আলোচনার মানে কী। তিনি বলেন, অতীতে এজেন্ডা ছাড়া অনেক সংলাপ হয়েছে কিন্তু ফল পাওয়া যায়নি।এবারও আলোচনায় সমাধান না আসলে সংকট আরও ঘনীভূত হবে। কারণ, বিরোধী দল সর্বদলীয় সরকারের প্রস্তাব মানবে না।মওদুদ আহমদ বলেন, সরকার বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন আর বিরোধী দল বলছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দুজনের অবস্থান ভিন্ন। এ ক্ষেত্রে সরকার সংলাপে বসতে চাইলে, সমাধান চাইলে বিরোধী দলের দাবির প্রতি সম্মান দেখাতে হবে। এরপর আলোচনা করে প্রক্রিয়া বা রূপরেখা তৈরি করা যেতে পারে।