সংলাপের আহ্বান মুরসির
চলমান রাজনৈতিক সংকট নিরসনে আগামীকাল শনিবার বিরোধীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে পাঁচজন নিহত ও ৬৪৪ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাতে এ আহ্বান জানান তিনি। মিসরের প্রেসিডেন্ট বলেন, তিনি বিক্ষোভের অধিকারের পক্ষে। তবে কিছু লোক বিরোধীদের উসকে দিচ্ছে।মুরসির সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, রাজধানী কায়রোতে তাদের প্রধান কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মুরসি গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৮০ জনকে আটক করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থকেরা সাম্প্রতিক সংঘাতকে উসকে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। চলতি মাসের শুরুতে জারি করা ডিক্রির বিতর্কিত অনুচ্ছেদটি পরিবর্তন হতে পারে বলেও আভাস দেন তিনি।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুরসির আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছেন। তবে কোনো শর্ত বেঁধে দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট (ওবামা) মিসরের সব রাজনৈতিক দলের নেতাদের বলতে চান, সংঘর্ষ অগ্রহণযোগ্য।’নিজ ক্ষমতাকে নিরঙ্কুশ করে গত ২২ নভেম্বর এক ডিক্রি জারি করেন মুরসি। এতে বলা হয়, বিচার বিভাগও তাঁর ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবে না। বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়, বিরোধীদের সঙ্গে মুরসির সংলাপের আহ্বানের পরও সংঘর্ষ বাড়তে পারে। ২০১১ সালের বিপ্লবে অংশ নেওয়া অন্যতম প্রভাবশালী দল ‘এপ্রিল ৬’ মুরসির সঙ্গে সমঝোতার আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে। তারা আজ শুক্রবার মুরসির বিরুদ্ধে নতুন বিক্ষোভে যোগ দেবে বলে জানিয়েছে।