সংলাপের আহ্বানের পরদিনই হরতালের ঘোষণা দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর পরদিনই হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। তিনি জানান, ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এ হরতাল ডেকেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, রাজধানীতে এক মাস কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে ১৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ঘোষণা দেন। কিন্তু তার আগ থেকেই বিএনপিকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না সরকার। এমনকি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলও করতে দেয়নি পুলিশ। তাই গত বুধবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে রোববার হরতাল দেওয়ার সিদ্ধান্ত হয়।কিন্তু বুধবার বিএনপির স্থায়ী কমিটির ওই সভায় গৃহীত প্রস্তাব পরদিন বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়। তাতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এর ১৯ দিন আগে ৪ মে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশ থেকে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকালের সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা শামসুজ্জামান দাবি করেন, সংলাপের পরিবেশ এখনো খোলা আছে। বিএনপি শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য তার দল বারবার আহ্বান জানিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগের অভাব রয়েছে। তিনি বলেন, সংলাপ না হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবির মীমাংসা রাজপথে হবে। হরতাল ঘোষণার এ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির মধ্যম সারির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জোটের হরতাল শরিকরা জানে না: এদিকে জোটগতভাবে কাল রোববার হরতাল ডাকার ব্যাপারটি ১৮-দলীয় জোটের অনেক শরিক দলই জানে না। অন্তত ছয়টি শরিক দলের দায়িত্বশীল নেতারা টেলিফোনে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তাঁরা বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে কর্মসূচি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে জোটের শীর্ষ নেতাদের তা অবহিত করে ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণার আগে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হওয়ারও রেওয়াজ আছে। কিন্তু এবার শরিকদের কিছুই জানানো হয়নি। শরিক দলের একজন নেতা বলেন, ‘হরতাল ডাকার কথা টেলিভিশনের ব্রেকিং নিউজ দেখে জেনেছি। এটা আমাদের জন্য লজ্জার।’ এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ১৮-দলের নেতারা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন। সেখানেই তাঁদের অবহিত করা হয়। এ ব্যাপারে তাঁর কাছে শরিক দলগুলোর কেউ কোনো অভিযোগ করেনি বলে তিনি জানান।