সংলাপের উত্তাপ দিয়ে সংকটের বরফ গলানো হবে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গণতান্ত্রিক ব্যবস্থায় সংলাপের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘সংলাপের উত্তাপ দিয়ে সংকটের বরফ গলানো হবে’। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংকটে নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই। খবর বাসসের। এ সময়ে মন্ত্রী দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাঁকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আজ ঢাকা-আরিচা মহাসড়কের ১১টি ঝুঁকিপূর্ণ বাঁকের সরলীকরণ ও ডিভাইডার স্থাপন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন। এদিকে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বহুল আলোচিত পদ্মা সেতু নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর বাতিটা এখনো জ্বলছে, কাজেই হতাশার কোনো কারণ নেই।যোগাযোগমন্ত্রী বলেন, ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত ঢাকা-আরিচা মহাসড়কে একসময় অহরহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এ মহাসড়কে দুর্ঘটনায় তারেক মাসুদ এবং মিশুক মুনীরের মতো কৃতী সন্তানও প্রাণ হারিয়েছেন। এ মহাসড়কের ১১টি বাঁক প্রশস্তকরণের ফলে এখানে দুর্ঘটনা অনেকাংশে কমে গেছে। ঢাকা-আরিচা মহাসড়ককে ‘মডেল’ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বুয়েটের এক সমীক্ষা অনুযায়ী, সারা দেশে মহাসড়কগুলোতে ২০৯টি ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ বাঁক রয়েছে। পর্যায়ক্রমে বাঁকগুলো প্রশস্ত ও সেখানে বিভাজক নির্মাণ করা হবে। ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জাঁকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই বছরের ডিসেম্বর মাস থেকে এ মহাসড়কের ১১টি বিপজ্জনক বাঁক প্রশস্ত ও বিভাজক নির্মাণের কাজ শুরু করা হয়। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা।অনুষ্ঠানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, সওজের ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহেব উদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মো. মাসুদ করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম, সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ ও জাহিদ মালিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।