সংলাপের জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে সরকারি ও বিরোধী দলের নমনীয় মনোভাবকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সংলাপে বসার ব্যাপারে দুই দল সম্মত হলে তিনি সংসদের পক্ষ থেকে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান দুই দলের গত কয়েক দিনের নমনীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে শিরীন শারমিন বলেন, ‘আমি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই লক্ষ করছিলাম, প্রধান দুই দলের মনোভাবে ইতিবাচক পরিবর্তন এসেছে। সাভারের মর্মান্তিক দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দল দুটো হরতাল প্রত্যাহার করেছে। পরদিন বিবৃতি দিয়ে বিরোধী দলের নেতা সংলাপের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকেও আগ্রহের সৃষ্টি হয়েছে।’শিরীন শারমিন বলেন, ‘রাজনৈতিক সংকট নিয়ে সংসদেও আলোচনা হতে পারে। আমি আশা করছি, বিরোধী দল আগামী বাজেট অধিবেশনে যোগ দেবে। তারা সংসদে এলে স্পিকার হিসেবে যা যা করণীয়, তার সবই করা হবে।’ তিনি বলেন, ‘বিরোধী দল কেন দীর্ঘ সময় ধরে সংসদ বর্জন করে চলেছে, তার পেছনের কারণ জানার চেষ্টা করছি। কারণ জানতে পারলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে এবং সবাইকে একসঙ্গে নিয়ে সংসদকে কার্যকর করার চেষ্টা করতে চাই।’রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার হিসেবে সংসদ সচিবালয়কে দুর্নীতিমুক্ত করতে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, তা অব্যাহত থাকবে বলেও জানান নতুন নির্বাচিত স্পিকার। তিনি বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।এদিকে আজ সকালে স্পিকার শিরীন শারমিন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এতে তিনি সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধির আলোকে দলগত পরিশ্রমের মাধ্যমে সংসদের ঐতিহ্য ও কাজের ধারাবাহিকতা সমুন্নত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। স্পিকার বলেন, সংসদকার্য পরিচালনায় সাংসদেরা যাতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে এবং জাতীয় উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করতে পারেন, সে জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংসদ সচিব মো. মাহফুজুর রহমান।নতুন স্পিকারকে অভিনন্দননতুন নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার। আজ বিকালে ফ্যাক্সে পাঠানো বার্তায় তিনি বলেন, স্পিকার পদে একজন নারীকে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিফলন ঘটেছে। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের আরও কয়েকটি দেশের দূতাবাস থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠানো হয়েছে।