সংলাপের দরজা উন্মুক্ত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের সহিংস কর্মসূচি মোকাবিলা করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য সংলাপের দরজা উন্মুক্ত করা প্রয়োজন। তবে অবশ্যই এ দায়িত্বটি সরকারকে পালন করতে হবে।হরতালের নামে বিএনপি-জামায়াত সহিংস তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা পুলিশ হত্যা করে চলেছে। ট্রেনে-বাসে আগুন দিচ্ছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এতে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। অচল হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। নিদারুণ দুর্ভোগের শিকার হচ্ছে পরীক্ষার্থীরা। সরকারের পক্ষে এসব কীভাবে মেনে নেওয়া সম্ভব? মেনে নেওয়া সম্ভব নয়।এখন পর্যন্ত সারা দেশে যে চিত্র দেখা গেছে, এক পক্ষ হরতাল ডেকে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। আরেক পক্ষ হরতালের বিরোধিতা করে কর্মসূচি পালন করেছে। তাতে কার্যকর কিছু পরিলক্ষিত হয়নি। বিরোধী দলের সহিংস কর্মসূচি মোকাবিলায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। রক্ষা করতে পারেনি রাষ্ট্রীয় সম্পদ। নিরাপত্তা দিতে পারেনি সংখ্যালঘুদের। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।বিএনপি-জামায়াত এখন পর্যন্ত যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তাতে দেশ প্রায় অচল হয়ে গেছে। তাদের মধ্যে যে প্রবণতা, তাতে মনে হচ্ছে, তারা লাগাতার হরতাল কর্মসূচি দিয়ে যাবে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। মন্দির ধ্বংস করেছে, সম্পদ লুট করেছে। এরা তো সংখ্যায় কম, দুর্বল। এদের ওপর কেন হামলা হলো? বিষয়টি জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার ও কলঙ্কের। এসব ঘটনায় বিদেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এ পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা না নিতে পারলে সরকার অযোগ্য প্রমাণিত হবে। কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা চাই না, সরকার অযোগ্য প্রমাণিত হোক। সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিলম্ব করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে একতরফাভাবে চিন্তাভাবনার সুযোগও নেই। অবশ্যই জাতীয় সংলাপের দরজা উন্মুক্ত করা উচিত। সব রাজনৈতিক দল এবং অন্যান্য পেশাজীবীদের সঙ্গে নিয়ে সংলাপে বসতে হবে।বিরোধী দল এখন পর্যন্ত উৎসাহ নিয়ে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। আমরা আশা করব, সরকার আমন্ত্রণ জানালে সেই আমন্ত্রণে তারা সাড়া দেবে। যদি সাড়া না দেয়, সেটা হবে বড় ধরনের অন্যায়। সে ক্ষেত্রে বিরোধী দলকে দমনে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ সরকারের সামনে খোলা থাকবে না। জিল্লুর রহমান সিদ্দিকী: শিক্ষাবিদ