সংলাপের পথ বন্ধ করে দিল সরকার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় প্রমাণিত হলো, আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। বিরোধী দলকে এ বিষয়ে আলোচনার আহ্বান জানানো শুধু লোক দেখানো।মন্ত্রিসভায় বিশেষ কমিটির প্রতিবেদন অনুমোদনের পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। তাঁরা বলেন, সরকার আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দিল।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার যা করেছে, তা পূর্বপরিকল্পনারই অংশ। তারা যা করতে চেয়েছে, তা-ই করেছে। বিরোধী দলের প্রতি আলোচনার আহ্বানে তাদের কোনো আন্তরিকতা ছিল না। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মৌলিক কাঠামো ঠিক করে আলোচনার প্রস্তাব দিয়েছিল। অথচ সরকার বিষয়টি আমলে নেয়নি। বিএনপিকে এখন ভোটের অধিকার সংরক্ষণের জন্য আন্দোলনে নামতে হবে।এম কে আনোয়ার বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল। কিন্তু সরকার সে পথে হাঁটতে চায় না। তারা যেকোনো উপায়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, মন্ত্রিসভা সুপারিশ একতরফাভাবে অনুমোদন করেছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলের প্রস্তাব দেওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চেয়েছে। এটা এখন প্রমাণিত। বিএনপিকে আলোচনার জন্য প্রস্তাব দেওয়ার আহ্বান শুধু লোক দেখানো, মন ভোলানো। এখানে আন্তরিকতার কোনো ছাপ ছিল না। তিনি মনে করেন, বিএনপির সামনে এখন কঠোর আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কেননা, বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না। স্থায়ী কমিটির আরও একজন সদস্য মাহাবুবুর রহমান বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে একটি প্রস্তাব তুলে ধরেছিলেন। বিরোধী দলের নেতার প্রস্তাবের প্রতি ন্যূনতম শ্রদ্ধা সরকার দেখায়নি। বিএনপি এটা আশা করেনি। এ ব্যাপারে করণীয় শিগগিরই দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। তবে সরকার যে অবস্থান নিয়েছে, তাতে আন্দোলন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মৌলিক কাঠামো ঠিক রাখতে হবে। তাহলে বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে রাজি আছে। তিনি এও বলেন, এ ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। রাজপথেই আন্দোলন অব্যাহত রাখবে।