সংলাপের পরিবেশ নষ্ট হলে দায় বিরোধী দলের: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রীর ইতিবাচক আহ্বানে দুই দলের মধ্যে সংলাপের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, বিরোধী দলের উগ্র কর্মসূচির মাধ্যমে সেটি নষ্ট হলে দায় তাদেরই নিতে হবে। আজ শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপের আলোচ্যসূচি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সংবিধানের ধারা কীভাবে অব্যাহত থাকবে, ক্ষমতাসীন সরকার কোন প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে—এসব বিষয়ে সংলাপ হবে।’ দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, ‘শর্ত দিয়ে কখনো সংলাপ সফল হতে পারে না। খুব দ্রুতই বিরোধী দলের কাছে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। আশা করি, প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে সবাই শ্রদ্ধাশীল হবেন।’বিরোধীদের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুরঞ্জিত আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মানবিক কারণে বিএনপি ও হেফাজতে ইসলামকে তাদের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু তারা এ আহ্বান উপেক্ষা করেছে। তাদের এই অমানবিক বার্তা জাতির বিবেককে আহত করেছে।’ তিনি বলেন, ‘কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলার বিঘ্ন হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা শেষ পর্যন্ত গণতান্ত্রিক মানসিকতায় ধৈর্যের পরিচয় দিতে চাই।’ বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।সংলাপের বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান নাসিমেরআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সংলাপের বিষয়ে ঠান্ডা মাথায় ইতিবাচক সাড়া দিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিকেলে শাপলা চত্বরে এসে ঠান্ডা মাথায় বলুন, হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় আসতে রাজি। শর্ত দিয়ে আলোচনা বাধাগ্রস্ত করবেন না। আলোচনা বাধাগ্রস্ত হলে এর দায় নিতে হবে আপনাদের।’ আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব আইনজীবী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হবে না জানিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের আলোচনা করতে কোনো আপত্তি নেই। তবে ফ্যাসিস্ট জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হবে না। তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।’হেফাজতকে অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘অযৌক্তিক দাবির অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ান। নইলে জনগণ একাত্তর সালে যেভাবে জামায়াতকে প্রতিরোধ করেছে, সেভাবে আপনাদের প্রতিরোধ করবে।’ সংগঠনের সভাপতি এ বি এম বায়েজীদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার, এম এ কুদ্দুস প্রমুখ।