সংলাপের মধ্যেই শান্তি ও স্থিতিশীলতা: মাহবুবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, ‘দুই নেত্রী ও দুই দলের সংলাপের মধ্যেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নিহিত। কিন্তু আলোচনা বা সংলাপের পথ পরিহার করে সরকার দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।’ আজ শনিবার বিকেলে দিনাজপুরে এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান এসব কথা বলেন। গত ১১ মার্চ ও ১০ এপ্রিলের হরতালে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে শহরের গণেশতলার দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।মাহবুবুর রহমান বলেন, ‘সরকার বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা যত বাড়াবে, বিরোধী দলের আন্দোলন তত তীব্র হবে।’ তাই জুলুম-নির্যাতনের পথ পরিহার করে বিরোধী দলের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে দেশের শান্তি ও মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান। ওই বক্তব্যে অভিযোগ করে বলা হয়, গত ১১ মার্চ ও ১০ এপ্রিলের হরতাল চলাকালে বিনা উসকানিতে পুলিশ হরতালকারীদের ওপর বেপরোয়া হামলা চালায়। এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। পরবর্তী সময়ে ৬৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মিথ্যা মামলা করে পুলিশ। এর মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামানসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।সংবাদ সম্মেলনে অবিলম্বে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। আর তা না হলে দিনাজপুর জেলা বিএনপি স্থানীয়ভাবে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম, বর্তমান সহসভাপতি রেজিনা ইসলাম, মাহবুব আহমেদ, মো. খালেকুজ্জামান, আনিসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।