‘আদেশ দিয়ে হুমায়ূন আহমেদকে বিব্রত করতে চাই না’
সংশোধন করে ‘দেয়াল’ প্রকাশের আশা আদালতের
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংশোধন করে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য উপন্যাস ‘দেয়াল’ প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন আদালত।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আশা প্রকাশ করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এবং সাক্ষ্যের বিবরণসহ সঠিক ইতিহাসের তথ্য তাঁকে সরবরাহের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। তথ্য, শিক্ষা ও সংস্কৃতিসচিবকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।গত ১১ মে প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য ‘দেয়াল’ উপন্যাসের দুটি অধ্যায় ছাপা হয়। সেখানে বলা হয়, দেয়াল হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস। এ উপন্যাসের পটভূমি ১৯৭৫ সালে ঘটে যাওয়া বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য রাজনৈতিক ঘটনা।সেখানে শেখ রাসেলের মৃত্যুর বর্ণনা ও খন্দকার মোশতাকের ভূমিকার সম্পর্কে ছাপা তথ্যের বিষয়ে আপত্তি জানিয়ে গতকাল সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত আদেশ দেন।আদালত বলেছেন, ‘হুমায়ূন আহমেদ একজন জনপ্রিয় ঔপন্যাসিক ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমরা কোনো আদেশ দিয়ে তাঁকে বিব্রত করতে চাই না। তবে নতুন প্রজন্ম ভুল ইতিহাস জানুক, সেটাও আমরা চাই না।’পরে যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘দেয়াল’ উপন্যাসের দুটি অধ্যায় পত্রিকায় প্রকাশিত হয়েছে। মামলায় যেভাবে ছিল, পত্রিকায় প্রকাশিত লেখায় রাসেলের মৃত্যুর দৃশ্য সেভাবে উঠে আসেনি। এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খন্দকার মোশতাক জড়িত ছিলেন বলে মামলার সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে। কিন্তু ওই বর্ণনায় সেটা ফুটে ওঠেনি। তিনি আরও বলেন, ‘এই বই প্রকাশ করা একটি মহত্ উদ্যোগ। আমরা চাই, তথ্যগত ভুল যাতে না থাকে। কারণ, তাঁর পাঠক লাখ লাখ, এর মধ্যে নবীন ও যুবকেরাই বেশি। প্রকৃত ইতিহাস তুলে ধরা না হলে তারা সঠিক ইতিহাস জানবে না। ভবিষ্যত্ প্রজন্ম সঠিক ইতিহাস জানবে না, এটা হতে পারে না। তথ্যগতভাবে যাতে সঠিক হয়, এ জন্য আমরা বিষয়টি আদালতের নজরে দিয়েছি।’ আদালত মৌখিকভাবে বঙ্গবন্ধু হত্যা মামলার পেপারবুক হুমায়ূন আহমেদকে দিতে বলেছেন বলে তিনি জানান।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, প্রকাশিতব্য ওই উপন্যাসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সংশোধন করে ছাপা হবে বলে আদালত আশা প্রকাশ করেছেন ও রুল জারি করেছেন।