সংশোধন করে ’৯৭-এর নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করতে যাচ্ছে সরকার
কিছু সংশোধন করে ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করতে যাচ্ছে সরকার। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে এ নীতির ঘোষণা দেওয়া হতে পারে।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী দিবসে নীতিটি ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। ১৯৯৭ সালের নীতিকে ‘যুগোপযোগী’ করার কাজ চলছে। দুর্যোগে নারীর সুরক্ষা, আদিবাসী, প্রতিবন্ধী নারীসহ বিভিন্ন বিষয় এতে গুরুত্ব দেওয়া হচ্ছে।২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করে বাস্তবায়নের ঘোষণা দেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ অঙ্গীকার ছিল। এ নীতি বিষয়ে নারী ও মানবাধিকারকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠন নীতিতে অন্তর্ভুক্ত করার জন্য লিখিতভাবে সুপারিশ জমা দিচ্ছে।নারীনীতি হলো রাজনৈতিক দলের হাতের পুতুল: একেকটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে প্রথমেই হাত দিয়েছে নারীনীতির ওপর। ফলে ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে তিনটি নারীনীতি তৈরি হয়েছে। ১৯৯৭ সালের ৮ মার্চ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণা করেছিলেন। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০৪ সালের মে মাসে ’৯৭-এর নীতিটি গোপনে সংশোধন করে।১৯৯৭ সালের নীতিতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা ছিল। ২০০৪-এর সংশোধিত নীতিতে তা এড়িয়ে যাওয়া হয়। বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নারীর ‘সমান অধিকার’ নিশ্চিত করার বদলে সংশোধনীতে আসে ‘সংবিধানসম্মত অধিকার’ নিশ্চিত করার কথা।প্রথম নীতিতে সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারিত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। সংশোধনীতে ‘সম্পদ’ ও ‘অংশীদারিত্ব’ শব্দ দুটি বাদ দেওয়া হয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সংশোধনীতে ‘উত্তরাধিকার’, ‘সম্পদ’ এবং ‘ভূমির উপর অধিকার’ শব্দগুলো বাদ দেওয়া হয়। এ ছাড়া সংশোধনীতে রাষ্ট্রদূত এবং পরিকল্পনা কমিশন ও বিচার বিভাগের উচ্চপদের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের নিয়োগ প্রদানের মতো কিছু ধারা সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এসব সংশোধনীর প্রতিবাদে আন্দোলনে নামেন নারী ও মানবাধিকারকর্মীরা।তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে ২০০৪ সালের নীতিটি বাতিল করে। ২০০৮-এর ২৪ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮’ অনুমোদন করে। এতে জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের লক্ষ্যে আইন প্রণয়নের কথা বলা হয়। এ ছাড়া সম্পত্তিতে নারীর সমান অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। তবে ’৯৭ সালের নীতিতে উল্লিখিত ‘উত্তরাধিকার’ শব্দটি এতে বাদ দেওয়া হয়। এ ছাড়া নারীদের রাষ্ট্রদূত ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদে আসীন হওয়ার সব বাধা দূর করার বিধান যুক্ত হয়। কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও মৌলবাদী গোষ্ঠী তখন এই সংশোধিত নীতি; বিশেষ করে সম্পত্তির অধিকারের বিষয়ে তীব্র বিরোধিতা করে। বর্তমান সরকার আবার ১৯৯৭ সালের নীতিতে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে।নতুন নীতি নিয়ে সংশ্লিষ্টদের অভিমত: প্রক্রিয়াধীন নীতিটি চূড়ান্ত হলে কোনো বিরোধিতার মুখোমুখি হতে পারে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় মতৈক্যের ভিত্তিতেই এ নীতি প্রণয়ন করা হচ্ছে। তাই কোনো বিরোধিতা হবে না বলেই তিনি মনে করেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের মতে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন বা এ ধরনের সিদ্ধান্ত কত দিনের মধ্যে কার্যকর করা হবে, নীতিতে এর উল্লেখ থাকা প্রয়োজন। তিনি জলবায়ু পরিবর্তন ও নারী, জেন্ডার-বান্ধব বাজেট এবং সম্পত্তিতে নারীর অধিকারের মতো বিষয়কে এ নীতিতে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী উত্তরাধিকার আইনকে আরও স্পষ্ট করা, অভিবাসী নারী ও নারী পাচারের বিষয় নতুন নীতিতে সংযোজন করে তা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।বেসরকারি সংগঠন স্টেপস্ টুওয়ার্ডস্ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রথম আলোকে জানান, তাঁর সংগঠনের পক্ষ থেকে উত্তরাধিকার আইনকে আরও স্পষ্ট করা, সব ধর্মের নারীদের জন্য একই ধরনের বিয়ে ও তালাক আইন প্রণয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার বিষয় সংযোজনের সুপারিশ করা হয়েছে।