সংশোধিত প্রস্তাবে জটিলতা পাল্টে যাচ্ছে অর্পিত সম্পত্তি আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অর্পিত সম্পতি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ পাল্টে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০১ সালে প্রণীত আইনের আলোকে অর্পিত সম্পত্তি (সংশোধন) আইন-২০১০ নতুনভাবে প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এক সভায় গতকাল মঙ্গলবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সংসদে বিল আনার পর এভাবে উচ্চপর্যায়ের একটি বৈঠকে বিলটি নিয়ে আলোচনা সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সভায় বলা হয়, নতুন সংশোধনে যেসব প্রস্তাব তৈরি করা হয়েছে, সেগুলো আইনে পরিণত করা হলে দেশের সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হবে। সভায় ২০০১ সালের মূল আইনটির কিছু সংশোধনী এনে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত আইনটি সংশোধনের জন্য কিছু প্রস্তাব উত্থাপন করেন। তিনি সংখ্যালঘুদের অর্পিত সম্পত্তি ফিরিয়ে দিতে ২০০১ সালে করা আইনটি আরও কার্যকর করার দাবি জানান।বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ২০০১ সালের আইনে প্রকৃত মালিকদের অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট করে বলা আছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করে আইনের অধীনে কাজটি করা যায়। কিন্তু প্রস্তাবিত বিলে এটি বাদ দিয়ে একটি কমিটি করার কথা বলা হয়েছে। ফলে জটিলতা বাড়বে। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০০১ সালের আইনের আলোকে একটি সংশোধিত আইন সংসদে পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশেদ খান মেনন বলেন, অর্পিত সম্পত্তির বিষয়ে নতুন যে বিলটি প্রস্তাব করা হয়েছে, তা পাস হলে জটিলতা আরও বাড়বে।সূত্র জানায়, সভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ কারা প্রস্তুত করেছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে জানান, বিলটি তাঁরা প্রস্তুত করেননি।জানা গেছে, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলটি প্রস্তুত করেছে। বৈঠকে উপস্থিত সবাই এ বিষয়ে কমিটির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। সভায় সংসদের চলতি অধিবেশনেই নতুন করে বিলটি উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেখানে বিলের অপ্রয়োজনীয় ধারাগুলো বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে দু-একটি ছোট সংশোধনী রাখা যাবে।সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত সদস্যরা অর্পিত সম্পত্তি (সংশোধন) আইন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানতে চান, বিতর্কিত বিলটি কারা করেছে?গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্পিত সম্পত্তি (সংশোধন) আইনটি অনুমোদন করা হয়। ১১ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করার জন্য দিনের কার্যসূচিতে রাখা হয়। আইনটির বিভিন্ন ধারা সম্পর্কে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বিলটি সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন ধারা সম্পর্কে আনা অভিযোগগুলো নিয়ে জ্যেষ্ঠ সাংসদদের নিয়ে বৈঠক করে আইনটির খসড়া করার নির্দেশনা দেন।আইনজ্ঞরা বলছেন, এ আইনের গোড়ায়ই গলদ রয়েছে। কারণ আইনে অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ করা হয়নি। কোনো একটি পরিবারের চারজন অংশীদারের তিনজন ভারতে গেলে সেই তিনজনের অংশ অর্পিত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আইন অনুযায়ী চারজনের যে একজন বাংলাদেশে আছেন, তিনি পুরো সম্পত্তির অংশীদার হতে পারবেন। অবণ্টন করা ইজমালি সম্পত্তির ক্ষুদ্র অংশীদারও একজন হক দাবিদার। সে জন্য গোড়ায়ই ঘোষণা থাকা দরকার, কোন সম্পত্তি অর্পিত বলে বিবেচিত হবে।