৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলাফলে মোট ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁরা সবাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।সরকারি কর্মকমিশন (পিএসসি) গতকাল রোববার বিকেলে সংশোধিত এই ফল প্রকাশ করে। ফল প্রকাশের আগে কমিশনের বৈঠক শেষে পিএসসির চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আগের ১২ হাজার ৩৩ জনসহ মোট ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছেন।৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে এবারই প্রথম প্রিলিমিনারিতে কোটাপদ্ধতি প্রয়োগ করায় অনেক মেধাবী উত্তীর্ণ হতে পারেননি। এ নিয়ে বিক্ষোভের মুখে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। সে অনুযায়ী গত শনিবার বৈঠক করে আগের পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত করে পিএসসি। তবে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গতকালও বিক্ষোভ হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির একজন সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, প্রথম প্রকাশিত ফলে উত্তীর্ণ ১২ হাজার ৩৩ জনের সবাইকে সংশোধিত ফলেও রাখা হয়েছে। কিন্তু প্রথম প্রকাশিত ফলে কোটার যে প্রার্থী সবচেয়ে কম নম্বর পেয়ে উত্তীর্ণ হন, তাঁকে দ্বিতীয় দফায় রাখতে গিয়ে কাট নম্বর এতটাই কমাতে হয়েছে যে নতুন করে ৩৪ হাজার ২১৭ জন প্রার্থী নিতে হয়েছে।সাবেক একজন সচিব বলেন, সংশোধিত ফল প্রকাশের পর এটি স্পষ্ট হলো যে আগেরবার কোটার প্রার্থীদের নিতে মাঝখানের ৩৪ হাজার প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরা যাক, কোটার কোনো একজন প্রার্থী ৫২ পেয়েছিলেন। এবার ওই ৫২ নম্বরধারী প্রার্থীকে রাখতে গিয়ে বাকি ৩৪ হাজার ২১৭ জনকে নতুন করে নিতে হলো। তার মানে, বেশি নম্বর পেয়েও উত্তীর্ণ না হওয়ার ব্যাপারে শিক্ষার্থীরা যে অভিযোগ করেছিলেন, সেটিই সঠিক বলে প্রমাণিত হলো।পিএসসির আরেকজন সদস্য বলেন, শেষ পর্যন্ত পিএসসি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সব ধরনের বিতর্ক এড়ানো গেছে বলে মনে করে কমিশন। কিন্তু একযোগে টানা নয় দিন ৪৬ হাজার ২৫০ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া এবং তাঁদের খাতা মূল্যায়ন করাই পিএসসির জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ।বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। ২৪ মে সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার প্রার্থী।গতকাল সংশোধিত ফল প্রকাশের পর পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আজ সোমবার সকাল ১০টা থেকে কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিপিএসসি ফরম-২ ডাউনলোড করবেন। এরপর ফরমটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৫ থেকে ৩১ জুলাই এবং ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত প্রতি কর্মদিবসে পিএসসির সাতটি কেন্দ্রের যেকোনো একটিতে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে প্রার্থী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাঁকে সেখানেই আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা না দিলে পরে আর তা গ্রহণযোগ্য হবে না এবং সংশ্লিষ্ট প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।