সংশোধিত শ্রম আইন যাচাই-বাছাইয়ে আবার কমিটি
মন্ত্রিসভায় অনুমোদনের পর শ্র্রম আইনের সংশোধনী নতুন করে যাচাই-বাছাইয়ের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটিতে থাকছেন চারজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক ও মালিকসংগঠনের একজন করে প্রতিনিধি। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সদস্যদের নাম ঘোষণা করে।এর আগে গত ২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার (জিএসপি) সাময়িকভাবে স্থগিত করার পর সরকার শ্রম আইনের সংশোধনীটি আবার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় আজ কমিটির নাম ঘোষণা করা হলো। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে থাকছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম। এর বাইরে কমিটিতে বাণিজ্যসচিব, শ্রম ও কর্মসংস্থানসচিব, পররাষ্ট্রসচিব এবং শ্রমিক ও মালিকসংগঠনের একজন করে প্রতিনিধি থাকবেন। ১৩ মে মন্ত্রিসভায় খসড়া অনুমোদনের পর থেকে শ্রমিক-কর্মচারী ঐক্যজোটসহ (স্কপ) বিভিন্ন শ্রমিকসংগঠন অভিযোগ করে আসছিল, সংশোধনীতে শ্রমিকস্বার্থ সংরক্ষিত হয়নি। সংশোধনীতে পোশাকশিল্পের কারখানায় ‘পার্টিসিপেটরি কমিটি’কে ট্রেড ইউনিয়নের বিকল্প হিসেবে তুলে ধরায় শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করেন। স্কপ অন্তত ১৬টি ধারার আরও সংশোধনের দাবি জানায়। গত ৫ জুন শ্রম আইনের সংশোধনী-সম্পর্কিত একটি বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়। সংশোধনীটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর পর কমিটি তিনটি শুনানির আয়োজন করে। গত ১৩ জুন কমিটি বিল চূড়ান্ত করে। কিন্তু ২৭ জুন জিএসপি স্থগিত হওয়ার পরই সরকার নতুন করে সংশোধনীটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। রানা প্লাজা ধসের পর শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি গণশুনানির আয়োজন করলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা স্পষ্ট ভাষায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে বলে মন্তব্য করেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, ট্রেড ইউনিয়ন থাকলে অনিরাপদ কর্মপরিবেশে শ্র্রমিকেরা কাজ করতে না চাইলেও কেউ বাধ্য করতে পারবে না।