সংশোধিত শ্রম আইনের ১৬টি ধারার পরিবর্তন দাবি
মন্ত্রিসভায় অনুমোদিত শ্রম আইনের সংশোধনীতে ১৬টি ধারা পরিবর্তনের দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। টিইউসি বলছে, গ্রহণযোগ্য আইন না হলে বিচ্ছিন্নভাবে চলা শ্রমিক বিক্ষোভ একসময় নৈরাজ্যে পরিণত হতে পারে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সংশোধিত শ্রম আইন সম্পর্কে টিইউসি তাদের অবস্থান তুলে ধরে। জাতীয় সংসদে মন্ত্রিসভা অনুমোদিত শ্রম আইনের সংশোধনী পাস হওয়ার আগে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় জাতীয় প্রেসক্লাবের ওই অনুষ্ঠান থেকে। এ লক্ষ্যে ৪ জুন দেশব্যাপী শ্রমিক বিক্ষোভেরও ডাক দেওয়া হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, ২০০৬ সালে শ্রম আইন প্রণয়নের পর থেকে শ্রমিকেরা সংশোধনের কথা বলে আসছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আইনটি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী সরকারি প্রতিনিধি, মালিক ও শ্রমিকের সমন্বয়ে একটি কমিশন চার বছর কাজ করেছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর দেখা গেল, সংশোধনী থেকে শ্রমিকদের সুপারিশ উধাও হয়ে গেছে। টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান ১৬টি ধারার কোথায়, কেন পরিবর্তন করতে হবে, সে সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনি বলেন, আইনের ১৮০(খ) ধারা পরিবর্তন করা উচিত। আইন অনুযায়ী শুধু কারাখানায় কর্মরত শ্রমিকেরাই ট্রেড ইউনিয়নে অংশ নিতে পারেন। এর ফলে ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রবণতা বেড়েছে। শ্রমিকেরা ইউনিয়ন করতে ভয় পাচ্ছেন এবং নতুন ইউনিয়ন গড়ে উঠছে না। এ ক্ষেত্রে কারখানার সাবেক শ্রমিকদের ইউনিয়নে অংশগ্রহণের যে অধিকার আগে ছিল, তা আবার যুক্ত করার দাবি জানান তিনি। ওয়াজেদুল ইসলাম খান আরও বলেন, ধারা ২৩(৩)-এ ‘প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল বা দাঙ্গা-হাঙ্গামামূলক আচরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, অন্যের কাজে বাধা প্রদান অথবা শৃঙ্খলা হানিকর কোনো কাজ’কে অসদাচরণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের অসদাচরণের কারণে শ্রমিক বরখাস্ত হলে কোনো ক্ষতিপূরণ পাবেন না। এতে করে মালিকেরা শ্রমিকের যেকোনো অসদাচরণকে ‘শৃঙ্খলা হানিকর কার্য’ বলে উল্লেখ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। এই সংশোধনের কারণে শ্রমিকেরা ‘সার্ভিস বেনিফিট’ থেকে বঞ্চিত হবেন। এতে করে শ্রমিকদের ক্ষোভ চরম মাত্রায় পৌঁছাবে। ওয়াজেদুল ইসলাম বলেন, ১৯৬৮ সাল থেকে আইন করে মুনাফার একটি অংশ শ্রমিকদের দেওয়ার বিধান রয়েছে। শুধু পোশাকশিল্পের মালিকেরাই সংশোধিত আইনে অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, এই বিধানটি শ্রম আইনকে মালিকের স্বার্থরক্ষাকারী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলবে।সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সুপারিশের সঙ্গে একমত পোষণ করেন।