সংসদ অকার্যকর এ কথা মানি না: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘সংসদে এসে আপনারা সমালোচনা করেন, আমি তো সেই সুযোগ দেই। যে সমালোচনা আপনারা রাস্তায় করেন, সেই সমালোচনা তো আপনারা সংসদে এসে করতে পারেন। তবে সংসদে কতগুলো নিয়ম-নীতির মধ্যে তা করতে হবে।’আজ বুধবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।স্পিকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সংসদ অকার্যকর এ কথা আমি মানি না। তবে বিরোধী দল না আসায় সংসদে কিছু অপূর্ণতা তো আছে। বিরোধী দল সংসদে না এলে এটা তো অপূর্ণতা।’আবদুল হামিদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দল তো বিল আনতে পারে। সরকার যেভাবে আনে, সেভাবে তো তারাও আনতে পারে। সরকার না চাইলেও তো আনতে পারে। প্রাইভেট মেম্বারস ডেতে তারা এ বিল আনতে পারে।’নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন কাল বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হচ্ছে। ঈদের আগ পর্যন্ত চলে আবার বিরতি দিয়ে অধিবেশন চলবে বলে জানা গেছে।গত দুটি অধিবেশনের মতো প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনেও সংসদে ফিরছে না বলে জানা গেছে।