সংসদ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন
জাতীয় সংসদের নবম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে।আজ রোববার স্পিকার আবদুল হামিদ এই মনোনয়ন দেন।জানা গেছে, সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন মো. ফজলে রাব্বী মিয়া, এ বি এম গোলাম মোস্তফা, মো. মজিবুল হক, নজরুল ইসলাম মঞ্জু ও ফরিদুন্নাহার লাইলী।স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।শোক প্রস্তাব গ্রহণ: সাবেক চিফ হুইপ, কয়েকজন সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী ও একজন সেক্টর কমান্ডারের মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।যাঁদের মৃত্যুতে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়, তাঁরা হচ্ছেন সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মন্ত্রী ভবানী শঙ্কর বিশ্বাস, আবদুস সালাম, সাবেক সাংসদ আলহাজ নূর আহমদ, আলহাজ আজিজুর রহমান ওরফে লাল আজিজ, মতিয়ার রহমান চৌধুরী, এ এইচ ফায়জুল হাছান, নূরুল ইসলাম পাপু মিয়া, হাসিনা রহমান ও সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান।শোক প্রস্তাবে তাঁদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এ ছাড়া তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। শোক প্রস্তাবে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানিতেও শোক প্রকাশ করা হয়।তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সাংসদ বজলুল হক হারুন। বাসস।