সংসদ অধিবেশনের মেয়াদ আকস্মিকভাবে কমছে
জাতীয় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ আকস্মিকভাবে কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের মেয়াদ আগামী ১০ এপ্রিল পর্যন্ত চালানোর কথা ছিল।সংসদের চলতি অধিবেশন শুরুর আগের দিন গত ২৪ জানুয়ারি কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে মেয়াদ ঠিক করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার চলতি অধিবেশনের মেয়াদ কমিয়ে ২৪ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।সময় কমানোর এ সিদ্ধান্তের ফলে সদস্যপদ রক্ষায় বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা এ অধিবেশনে না ফিরলেও সমস্যা হবে না। দ্রুত শেষ হওয়ায় টানা ৯০ দিন অনুপস্থিত থাকার কারণে সদস্যপদ হারানোর জটিলতা থেকে তাঁরা রক্ষা পাচ্ছেন। তবে পরবর্তী অধিবেশনের প্রথম দিনই তাঁদের সংসদে উপস্থিত হতে হবে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশন অনেক দীর্ঘ হয়ে যাওয়ায় সাংসদেরা এলাকায় যেতে চাইছেন। এ জন্য অধিবেশনের মেয়াদ কিছুটা কমিয়ে ২৪ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দল এখনো সংসদে এলে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সুযোগ পাবে। স্পিকার আরও বলেন, ‘আশা করি, শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়; এমনিতেই প্রধান বিরোধী দলের সদস্যরা সংসদে ফিরে এসে সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করবেন।’গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ কমানোর প্রস্তাব আসে। সরকারের উচ্চপর্যায় থেকেও অধিবেশনের মেয়াদ কমানোর ব্যাপারে স্পিকারকে অনুরোধ জানানো হয় বলে জানা গেছে। সরকারি সূত্রগুলো বলছে, টানা দুই মাস ধরে সংসদ চলায় সাংসদেরা এলাকায় যেতে পারছেন না। এ সময় ব্যাপকভাবে উন্নয়নকাজ চললেও সাংসদেরা সমন্বয় করতে পারছেন না। ফলে সাংসদেরা দ্রুত এলাকায় যেতে চান। আর এ জন্য সংসদের প্রতিদিনের কাজ প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধির নোটিশ সব টেবিলে উপস্থাপন করে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর টানা আলোচনার প্রস্তাব দেওয়া হয়।অপর একটি সূত্র বলেছে, সংসদের এ অধিবেশনে এসে বিরোধী দলের সদস্যরা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস ইস্যুতে আলোচনার ঝড় তুলুক, তা এড়াতে চাইছে সরকারি দল। অধিবেশন আকস্মিকভাবে ছোট করার সিদ্ধান্তের পেছনে এটিই বড় কারণ বলে একাধিক সূত্র দাবি করেছে।তবে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ গতকাল প্রথম আলোকে বলেন, এলাকায় উন্নয়নকাজের সমন্বয় সাংসদকে করতে হয়। কিন্ত টানা দুই মাস ধরে সাংসদেরা এলাকায় যেতে পারছেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে অধিবেশনের মেয়াদ কমাতে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, বিরোধী দল যেকোনো সময় সংসদে আসতে পারে। সরকারি দল তাদের স্বাগত জানাতে প্রস্তুত।বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।জানা গেছে, এ অধিবেশন ২৪ মার্চ পর্যন্ত চললে বিরোধী দলের সদস্য বরকত উল্লার টানা অনুপস্থিতি হবে ৮৯ দিন। গত বৃহস্পতিবার পর্যন্ত তিনি সংসদে টানা ৮০ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তালিকায় বরকত উল্লার পরেই রয়েছেন শাহ মোফাজ্জল হোসাইন, মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান। সুতরাং অধিবেশন ১০ এপ্রিল পর্যন্ত চললে এবং অনুপস্থিত থাকলে এ মাসেই এই চারজনের সদস্যপদ খারিজ হয়ে যেত। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বাকি ৩৫ জনের সদস্যপদ খারিজ হয়ে যেত আগামী মাসে। অধিবেশনের মেয়াদ ২৪ মার্চ পর্যন্ত হওয়ায় এখন তাঁদের টানা ৯০ দিনের অনুপস্থিতি হতে আরও সাত দিন লাগবে। সংবিধানের ৬৭ (খ) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্য টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।নবম জাতীয় সংসদে গত রোববার পর্যন্ত মোট ১৯৮ কার্যদিবসের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোট থেকে নির্বাচিত সাংসদেরা গড়ে উপস্থিত ছিলেন ৪৪ দিন। সাতটি অধিবেশনের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে পুরোপুরিই অনুপস্থিত ছিল বিরোধী দল। পঞ্চম অধিবেশনে তারা যোগ দেয় মাত্র এক দিন। যদিও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমদ, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এবং মহাজোটভুক্ত জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির সাংসদেরা সংসদে নিয়মিত যোগ দিচ্ছেন। উপস্থিতি-অনুপস্থিতির রেকর্ড: সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮ কার্যদিবসের মধ্যে উপস্থিত ছিলেন ১৪৬ দিন। আর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া একই সময়ে সংসদে গেছেন মাত্র পাঁচ দিন। এটিই সবচেয়ে কম উপস্থিতির রেকর্ড। কুমিল্লার শাহ মোফাজ্জল হোসাইন সংসদে উপস্থিত ছিলেন মাত্র ১০ দিন।বিগত অষ্টম সংসদে প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া ৩৭৩ কার্যদিবসের মধ্যে ১৯৫ দিন উপস্থিত ছিলেন। আর ওই সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন মাত্র ৪৫ দিন। চলতি সংসদের গত অধিবেশন (সপ্তম) পর্যন্ত ১৭৪ কার্যদিবসের সব দিনই উপস্থিত থাকার রেকর্ড করেছেন নীলফামারী-৫ আসনের সাংসদ এ এ মারুফ সাকলান। স্পিকার আবদুল হামিদ ১৬৭ দিন উপস্থিত থেকে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন।প্রসঙ্গত, বিএনপি গত সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহারে বলেছিল, ‘৩০ কার্যদিবস অনুপস্থিত থাকলেই সংসদ সদস্যপদ বাতিল হবে, আমরা সরকার গঠন করতে পারলে এই আইন করব।’