সংসদ এলাকায় ইউক্যালিপটাসের বদলে পরিবেশবান্ধব গাছ
সংসদ ভবন এলাকার প্রায় সাড়ে ৪০০ ইউক্যালিপটাস গাছ কেটে ২৯ প্রজাতির পরিবেশবান্ধব ও দেশীয় প্রজাতির গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। একই সঙ্গে নতুন করে লাগানো গাছ সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কি না, তা তদারকির জন্য মনিটরিং টিম গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।আজ বুধবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কেন্দ্রে সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে যে ২৯ প্রজাতির গাছ লাগানো হবে সেগুলো হলো—নিম, আমলকি, অর্জুন, অশোক, বহেরা, বৈলাম, বট, চম্পা, দেবদারু, গর্জন, হরীতকী, জাকারেন্ড্রা, জারুল, কদম, কাঞ্চন, কাঠবাদাম, কুসুম, মেহগনি, মৈলাম, মহুয়া, নাগেশ্বর, পাদাউক, পীতরাজ, পলাশ, শাল, শিমুল, শিরীষ, সোনালু ও তেলসুর।সভায় জানানো হয়, পরিবেশের জন্য ক্ষতিকারক ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার আগে চলতি বৃক্ষরোপণ মৌসুমেই পরিবেশবান্ধব গাছ লাগানো হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের পাম গাছগুলো কেটে ফেলে সেখানে অন্য গাছ, বিশেষ করে নিম গাছ রোপণ করার জন্য আরবরি কালচার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।সভায় পরিবেশ অধিদপ্তরের পক্ষে সংসদ ভবন এলাকায় পাখির জন্য একটি অভয়ারণ্য করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বিলুপ্ত প্রায় দেশীয় উদ্ভিদের একটি ব্লক তৈরিরও প্রস্তাব দেওয়া হয়। সভায় সংসদ ভবনের লেকে শাপলা-শালুক ও আমাজন লিলির মতো জলজ উদ্ভিদের বিস্তার ঘটানোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। সভায় ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান বলেন, ‘সংসদ ভবনের মূল সৌন্দর্য ঠিক রেখে এ এলাকায় দেশীয় প্রজাতির গাছ লাগানো হবে। দেশীয় প্রজাতির গাছ লাগানোর যে উদ্যোগ সংসদ সচিবালয় নিয়েছে পরবর্তীকালে তা প্রচারণার মাধ্যমে আরও ছড়িয়ে দেওয়া হবে।মতবিনিময় সভায় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৈয়দ আহম্মদ, বন অধিদপ্তর, আরবরি কালচার বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উবিনীগের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।