সংসদ ও সাংসদদের হেয়প্রতিপন্ন করা ফ্যাশনে পরিণত হয়েছে: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংসদ ও সাংসদদের অবমাননা ও হেয়প্রতিপন্ন করা সাম্প্র্রতিক সময় একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তথাকথিত কিছু বুদ্ধিজীবী, যাঁরা এটা করছেন, তাঁদের মনে রাখা উচিত, সংসদকে খাটো করার চেষ্টার অর্থ হলো গণতন্ত্রকে হেয় করা।আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে হুইপ সাগুফতা ইয়াসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সাংসদদের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সাংসদদের সম্পৃক্ত করলেই ‘তথাকথিত বুদ্ধিজীবীরা’ এর সমালোচনা করেন। সাংসদদের কাজ নিয়ে স্বচ্ছ ধারণা না থাকায় সম্ভবত অনেকের এ ধরনের সমস্যা হয়।হুইপের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘সংসদকে কনটেম্পট ও আন্ডারমাইন করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। যাঁরা এভাবে সংসদ ও সাংসদদের হেয় করছেন, তাঁদের মনে রাখা উচিত, সংসদ না থাকলে গণতন্ত্রই থাকবে না। আপনারা সংসদকে খাটো করে গণতন্ত্রকে হেয় করবেন না। যাঁরা সংসদ বা সাংসদদের হেয় করছেন, তাঁরা যেন একটু ভেবে দেখেন। হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। তাই এ অবস্থায় সংসদ নিয়ে কটাক্ষ করলে এ গতির কিছুটা হলেও প্রতিবন্ধকতা তৈরি করে।’