সংসদ ও সাংসদের নিরাপত্তার জন্য পুলিশের আলাদা ব্যাটালিয়ন
জাতীয় সংসদ ও সাংসদের আবাসিক এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের আলাদা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা কমিটি এই প্রস্তাব সংসদের স্পিকারের কাছে পাঠিয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ও সাংসদদের আবাসিক এলাকায় নিরাপত্তার জন্য একজন সাংসদের নেতৃত্বে চার সদস্যের নিরাপত্তা উপকমিটি গঠন করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন ওই কমিটির সদস্য। আজ সকালে সংসদ ভবনের নিরাপত্তা উপকমিটির বৈঠক হয়। এতে সংসদ ও সাংসদের আবাসিক এলকার নিরাপত্তার জন্য পুলিশের আলাদা ব্যাটালিয়ন করার প্রস্তাব গ্রহণ করা হয়। উপকমিটি পরে এই লিখিত প্রস্তাব সংসদের নিরাপত্তা কমিটির কাছে পাঠান। নিরাপত্তা কমিটির সভাপতি সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ লিখিত প্রস্তাবে সুপারিশ করে তা সংসদের স্পিকারের কাছে জমা দেন।উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, স্পিকার এই প্রস্তাব গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত দেবেন। ব্যাটালিয়নে পুলিশের সংখ্যা ৩০০ থেকে ৭০০ হবে। পুলিশ সুপার পদমর্যাদার একজন এ ব্যাটালিয়নের প্রধান হবেন।