সংসদ কেন কার্যকর হতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো গণতান্ত্রিক দেশের রাজনীতিতে আইনসভা একটি বিশেষ ভূমিকা পালন করে। আইনসভা সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান এবং এর গুরুত্ব সর্বজনীনভাবে স্বীকৃত। আইনসভাকে কেন্দ্র করেই গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি আবর্তিত হয়। আইনসভা যেকোনো দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং নীতিনির্ধারণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের আপামর জনগণও জাতীয় সংসদকে সেই একই অবস্থানে দেখতে চায়। জাতীয় সংসদে সদস্যরা রাষ্ট্রীয় নীতিনির্ধারণের পাশাপাশি জনগণের প্রকৃত সমস্যার কথাও তুলে ধরবেন এবং এগুলো নিরসনে সচেষ্ট হবেন—জনগণের এ প্রত্যাশা কোনোভাবেই অমূলক নয়। জনগণের মনোজগতে এরূপ প্রাপ্তির আকাঙ্ক্ষা সৃজনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, প্রধানত আওয়ামী লীগ ও বিএনপি বড় ধরনের ভূমিকা রেখেছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার ও প্রচারপত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের বিষয়ে বহুবিধ প্রতিশ্রুতি দিয়ে থাকে, স্বপ্ন দেখিয়ে থাকে এবং জাতীয় সংসদকে গণ-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও দিয়ে থাকে। এর উদ্দেশ্য একটাই—জনসমর্থন লাভে সচেষ্ট হওয়া এবং নির্বাচনী বৈতরণী পার হওয়া।বাস্তবে জাতীয় সংসদ একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি। ‘সার্বভৌম’ সংসদ প্রতিষ্ঠার বিষয়টি এখনো রাজনৈতিক স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে একটি বড় ধরনের ব্যবধান লক্ষণীয়। বাংলাদেশের রাজনীতি এখনো ‘রাজপথমুখী’। এটাকে ‘সংসদমুখী’ করার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে। জাতীয় সংসদে নেওয়া সিদ্ধান্তগুলোর সিংহভাগই সরকারি (দলীয়) সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। আইন প্রণয়ন ও নজরদারি—এ দুটি প্রধান কাজের ক্ষেত্রে সংসদের সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তেমন কোনো অগ্রগতি হয়নি। উল্লেখ্য, বিরোধী দলের অনুপস্থিতিতেই সপ্তম, অষ্টম ও নবম সংসদের (এখন পর্যন্ত) অধিকাংশ কার্যক্রম পরিচালিত ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক হিসাবমতে, বিরোধী দলগুলো সপ্তম সংসদের ৩৮২ কার্যদিবসের মধ্যে ১৬৩ দিন, অষ্টম সংসদে ৩৭২ কার্যদিবসের মধ্যে ২২৩ এবং নবম সংসদের ষষ্ঠ অধিবেশন পর্যন্ত ১৬৯ কার্যদিবসের মধ্যে ১২৩ দিন সংসদের কার্যক্রম বর্জন করেছে। বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দিলেও কারণে/অকারণে ওয়াকআউট করে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের নজির খুবই কম। সব বিষয়ে বিরোধিতা করা বিরোধী দলগুলোর একধরনের অভ্যাসে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া অন্য কোনো বিষয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ঐকমত্যের কোনো উদাহরণ ১৯৯৩ সালের পর দেখা যায়নি। এ কথা তো সত্যি যে বিরোধী দলবিহীন একটি দেশের জাতীয় সংসদ কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে না। বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রম বাধা ও তর্ক-বিতর্ক ব্যতিরেকে দ্রুত নিষ্পন্ন হওয়ার সুযোগ থাকলেও তাতে পূর্ণতার অভাব এবং সীমাবদ্ধতা থেকেই যায়।অবশ্য তুলনামূলক বিচারে ১৯৯১ সালে নির্বাচিত পঞ্চম সংসদ এবং এর পরবর্তী সংসদগুলো স্বাধীনতার প্রথম দুই দশকে ও তৎপূর্বে নির্বাচিত সংসদের তুলনায় অধিকতর সক্রিয় এবং ক্ষেত্রবিশেষে কার্যকর ভূমিকা পালন করেছে। বিশেষ করে পঞ্চম সংসদের প্রথম তিন বছরকে বাংলাদেশের সংসদের ‘স্বর্ণযুগ’ বললে অত্যুক্তি হবে না। পঞ্চম সংসদে সরকার ও বিরোধী দল সমঝোতার ভিত্তিতে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো সংসদীয় সরকারব্যবস্থায় প্রত্যাবর্তন। ১৯৭৫ সালে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর ১৫ বছর পর ১৯৯১ সালে সব দলের সম্মতিক্রমে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। বিএনপি প্রথমে এ পরিবর্তনের বিপক্ষে থাকলেও পরবর্তী সময়ে নিজ দলীয় সাংসদের চাপের মুখে এবং জাতীয় দাবির পরিপ্রেক্ষিতে সরকারব্যবস্থা পরিবর্তনে সম্মত হয়। পঞ্চম সংসদে সরকার ও বিরোধী দলের সমঝোতার ভিত্তিতে গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে স্বাধীন জাতীয় সংসদ সচিবালয় প্রতিষ্ঠা এবং সংসদের কার্যপ্রণালি বিধি সংশোধন করে সংসদ ও সংসদীয় কমিটির ক্ষমতা বৃদ্ধি করার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। তা ছাড়া বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকারি দল বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ/পুনর্বিবেচনা করেছিল, যা সরকার ও বিরোধী দলের দ্বন্দ্ব নিরসনে সহায়ক হয়েছিল এবং সংসদের কার্যক্রমে সদস্যদের আগ্রহ সৃজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পঞ্চম সংসদে গঠিত সর্বদলীয় কমিটিগুলো অন্য সংসদের এ ধরনের কমিটিগুলোর তুলনায় অনেক বেশি সক্রিয় ও কার্যকর ছিল। সংসদীয় কাজে বিরোধী দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পঞ্চম সংসদের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এ সংসদের প্রথম ১২ অধিবেশনের ২৬৭ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ ২৫১ দিন উপস্থিত ছিল এবং সংসদ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। অন্য কোনো সংসদে বিরোধী দলের সদস্যরা একনাগাড়ে এত দিন সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করেননি। কিন্তু পরবর্তী সময়ে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা (যা শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়) বিরোধীদের লাগাতার সংসদ বর্জনের সংস্কৃতির সূত্রপাত করে, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে।জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিকীকরণ ও সংসদীয় ব্যবস্থা সংহতকরণের লক্ষ্যে সপ্তম সংসদ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু, সংসদীয় কমিটির সভাপতি পদে মন্ত্রীর পরিবর্তে সাধারণ সদস্যদের নিয়োগ এবং পুরো সংসদ কার্যক্রম রেডিওতে এবং প্রশ্নোত্তর পর্ব ও গুরুত্বপূর্ণ বিষয়াদি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ গ্রহণ প্রণিধানযোগ্য। এ ছাড়া সাধারণ সদস্যদের, বিশেষ করে বিরোধীদের কথা বলার বাড়তি সুযোগদানের নিমিত্তে প্রতি কার্যদিবসের শেষ ৩০ মিনিট অনির্ধারিত বিতর্কের জন্য বরাদ্দ করা হয়। সাংসদদের আইন প্রণয়নে অধিকতর সম্পৃক্তকরণ ও আইনের পূর্ণতা বিধানের লক্ষ্যে সংসদে উত্থাপিত সব সরকারি বিল সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণের রেওয়াজ চালু করা হয়। অনির্ধারিত বিতর্কের বিধান (যা সপ্তম সংসদেই বাতিল করা হয়) ব্যতীত অন্য সব সংস্কার অষ্টম ও নবম সংসদে বহাল রাখা হয়, যা প্রশংসার যোগ্য।অবশ্য এসব সংস্কারের বড় ধরনের প্রভাব এখনো লক্ষণীয় নয়। আমাদের জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র ব্রিটেন ব্যতীত অন্য কোনো সংসদীয় গণতন্ত্রে এ ধরনের বিধান দেখা যায় না। কিন্তু বিরোধীদলীয় নেতার অনাগ্রহের কারণে সত্যিকার অর্থে এ ব্যবস্থা এখনো কার্যকর হয়নি। সপ্তম সংসদে চালু হওয়ার পর থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রীর কোনো প্রশ্নোত্তর পর্বে কোনো বিরোধীদলীয় নেতা উপস্থিত থাকেননি। অথচ ব্রিটেনে প্রধান বিরোধীদলীয় নেতাই প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকেন। অনির্ধারিত বিতর্কের বিধান মাত্র তিন অধিবেশন চলার পর বাতিল হয়ে যায়, বিশেষত বিরোধী দলের অনাগ্রহের কারণে। সাধারণত সংসদের প্রতি কার্যদিবসের আলোচ্যসূচি আগে থেকেই নির্ধারিত থাকে এবং বিশেষ কারণ ব্যতীত এর ব্যতিক্রম হয় না। অন্যদিকে কোনো নোটিশ ছাড়া আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও অনির্ধারিত বিতর্কের সুবিধা হাতছাড়া হয়ে গেল, অথচ সদস্যদের মধ্যে এর কোনো প্রভাব পড়েনি, যেটা সত্যিই হতাশাজনক। এ ছাড়া বিরোধী দলের সদস্যদের সংসদ বর্জনের কারণে সরকারি দলের সদস্যদেরও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ কমছে।উপর্যুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে সংসদ যেভাবে কাজ করার কথা সেভাবে করেনি। বিভিন্ন সংস্কারের ফলে যে ধরনের পরিবর্তন আশা করা হয়েছিল, তা অনেকটা অপূর্ণ রয়ে গেছে। তার মানে এই নয় যে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত নির্বাচিত সংসদগুলো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। বরং এ কথা অনেকটা জোর দিয়ে বলা চলে যে সাম্প্রতিক সময়ে নির্বাচিত সংসদগুলোর গৃহীত সিদ্ধান্তের ফলে সংসদ কার্যক্রম বেগবান হওয়ার এবং সংসদ একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। উদাহরণ হিসেবে সংসদে উত্থাপিত বিলগুলো সংসদীয় কমিটিতে নিরীক্ষণ ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করা যায়। সপ্তম সংসদে এই রেওয়াজ চালু হওয়ার আগে সংসদে আইন প্রণয়ন অত্যন্ত সহজ কাজ ছিল। বিল উত্থাপন থেকে শুরু করে পাস হওয়া পর্যন্ত সব কার্যক্রম একই দিনে সম্পাদিত হওয়ার বহু নজির আছে। বেশির ভাগ বিলই সংশোধনী ব্যতীত পাস হতো। কিন্তু বর্তমানে কমিটিতে বিল নিরীক্ষণের সুযোগের ফলে একদিকে যেমন সদস্যদের আইনসংক্রান্ত বিষয়ে জানার ও শেখার সুযোগ এসেছে, তেমনি আইনের পূর্ণতা বিধানেরও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কমিটিতে সরকার ও বিরোধী দলের সদস্যদের সমঝোতার ভিত্তিতে কাজ করার একটা ঐতিহ্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এক হিসাবমতে, অষ্টম সংসদে কমিটিতে প্রেরিত ৬২ শতাংশ বিলই সংশোধন করা হয় এবং সংশোধিত বিলের ৯৩ শতাংশই হয় ঐকমত্যের ভিত্তিতে। এসব সংশোধনীর সংখ্যা ১-৭৮। একাধিক ক্ষেত্রে কমিটি অনেক মৌলিক সংশোধনীর প্রস্তাব করে, যা পরবর্তী সময়ে সংসদে গৃহীত হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে উত্থাপিত বিল মন্ত্রী/সচিবের উপস্থিতিতে সংসদীয় কমিটিতে সংশোধনের যে প্রথা ইতিমধ্যে চালু হয়েছে, তাকে খাটো করে দেখার অবকাশ নেই। প্রয়োজন এই নিরীক্ষণকে কীভাবে অধিকতর অর্থবহ করা যায়, তা খুঁজে বের করা।একটা বিষয় এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে সংসদীয় কমিটি কর্তৃক বিল পরীক্ষা-নিরীক্ষার ফলে এর গুণগত মান বৃদ্ধির সুযোগ এসেছে। কিন্তু আগের মতো বিল পাসের পর বাস্তবে এর প্রয়োগ সম্পর্কে সংসদ ও কমিটির খুব বেশি অবহিত থাকার সুযোগ নেই। বিশেষ করে আইনের আওতায় যে (প্র)বিধি প্রণীত হয়, সেগুলো সংসদ/কমিটির নিরীক্ষণের আওতামুক্ত থেকে যায়। এক হিসাবমতে, পঞ্চম ও সপ্তম সংসদে পাসকৃত প্রতিটি বিলের বিপরীতে গড়ে সাতটি (প্র)বিধি প্রণীত হয়েছে। ক্ষেত্রবিশেষে এসব (প্র)বিধি মূল আইনের থেকে অধিকতর গুরুত্বপূর্ণ। কিন্তু সংসদ/কমিটির এ সম্পর্কে তেমন কিছু করার নেই। গণতান্ত্রিক ব্যবস্থা সংহতকরণের জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিধিবিধানগুলো সংসদীয় নিয়ন্ত্রণে/নিরীক্ষণে আসা উচিত। নতুবা আইনের বিকৃতির আশঙ্কা থেকেই যায়। প্রায় প্রতিটি গণতান্ত্রিক দেশেই এসব বিধিবিধান পরীক্ষণের জন্য সংসদীয় কমিটি রয়েছে। বাংলাদেশ এর ব্যতিক্রম। এমনকি সপ্তম সংসদে এ-সম্পর্কিত একটি বেসরকারি সদস্যের বিল দ্বিতীয় পাঠেই বাতিল হয়ে যায়। এর ফলে আমলাতান্ত্রিক ক্ষমতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উৎসকে গণতান্ত্রিক নিয়ন্ত্রণে আনার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।মন্ত্রণালয়ের কার্যাবলি সম্পর্কে কমিটির সামনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাখ্যা দেওয়ার যে ব্যবস্থা চালু হয়েছে, তা কার্যকর করতে পারলে সরকারের জবাবদিহি নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সংসদীয় কমিটিগুলো শুধু আইন পর্যালোচনাই করে না; এগুলো মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যাবলিরও খতিয়ান নেয়। কমিটি ও মন্ত্রণালয়ের মধ্যে মাঝেমধ্যে বিরোধ দেখা দেওয়ার বিষয়টি অস্বাভাবিক কিংবা অপ্রত্যাশিত নয়; বিশেষ করে কমিটির সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের গড়িমসি এ বিরোধ সৃষ্টি করে থাকে। এ থেকে উত্তরণের একটা প্রধান উপায় হলো, মন্ত্রণালয়কে কমিটির সুপারিশ বাস্তবায়ন-সম্পর্কিত বিষয়ে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রিপোর্ট দেওয়ার জন্য দায়বদ্ধ করা। বেশির ভাগ গণতান্ত্রিক দেশেই এ বিধান কার্যকর আছে।সামগ্রিক বিচারে, জাতীয় সংসদ এখনো বাংলাদেশের জাতীয় রাজনীতি ও নীতিনির্ধারণের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন কারণে, বিশেষ করে বিরোধী দলের অবিরাম সংসদ বর্জন এবং সরকার ও বিরোধী দলের বৈরী সম্পর্ক সংসদকে কার্যকর করার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হয়। অবশ্য সংসদের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে সাংসদদের আচরণের ওপর। বিগত সংসদগুলোতে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যবসায়ী/শিল্পপতি। রাজনীতি তাঁদের খণ্ডকালীন পেশা। সংসদে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ব্যয় করার মতো বাড়তি সময় তাঁদের অধিকাংশেরই নেই। তার মানে এই নয় যে পেশাদার রাজনীতিবিদেরা অধিক সংখ্যায় সংসদে এলেই সংসদ কার্যকর হয়ে যাবে; তেমনটা আশা করাও বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। তবে এটা ঠিক যে পূর্ণকালীন রাজনীতিবিদদের পক্ষে সংসদে অধিকতর সময় দেওয়া সম্ভব। কিন্তু এর ফলে সংসদীয় কার্যক্রমের ওপর কতটা ইতিবাচক প্রভাব পড়বে, তা বলা কঠিন। বর্তমানে জাতীয় সংসদে বিভিন্ন কার্যক্রমে যে সময় ব্যয় হয়, তা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। অন্য অর্থে বাংলাদেশে সংসদীয় কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণের সুযোগ অত্যন্ত সীমিত। এক হিসাবমতে, গড়ে প্রতিবছর একজন সাধারণ সদস্য সংসদে কথা বলার জন্য এক ঘণ্টা সময়ও পান না। প্রধানত দুটি কারণে এটা হয়ে থাকে—সংসদের বেশির ভাগ সময় সরকারি কার্যাবলির জন্য নির্ধারিত থাকে এবং বাংলাদেশে প্রতি কার্যদিবসের স্থায়িত্ব অত্যন্ত সংক্ষিপ্ত। অষ্টম সংসদে প্রতি কার্যদিবস গড়ে ৩ দশমিক ৩২ ঘণ্টা স্থায়ী হয়েছিল। পঞ্চম সংসদে এ সময়কাল ছিল প্রায় পাঁচ ঘণ্টা। অন্যান্য দেশের সংসদে/আইনসভায় কার্যদিবসের সময়কাল আমাদের তুলনায় অনেক বেশি। সরকারের দৃষ্টিভঙ্গি এ ক্ষেত্রে একটি অন্যতম বাধা। আপাতদৃষ্টিতে মনে হয় যে সংসদের অধিবেশন যত কম দিন চলে, ততই সরকার খুশি। সংসদকে বোঝা হিসেবে বিবেচনা করা আমাদের দেশের সরকারের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এরূপ মনোভাবের পরিবর্তন হওয়া একান্ত প্রয়োজন।বাংলাদেশে সংসদ কতখানি কার্যকর হবে, তা নির্ভর করে দেশের অন্যান্য শাসন প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর, বিশেষ করে রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের ওপর। বিগত দুই দশকে অন্য যেকোনো শাসন প্রতিষ্ঠানের তুলনায় সংসদে অনেক সংস্কার করা হয়েছে, যার কিছু উদাহরণ আগেই উল্লেখ করা হয়েছে। এসব সংস্কারের সুফল পেতে হলে রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের সংস্কার অত্যন্ত জরুরি। সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত এ দুটি প্রতিষ্ঠানে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত সংসদীয় আচরণেও কোনো মৌলিক পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দলব্যবস্থা ও আমলাতন্ত্র অনেকটা সংস্কারবিহীন অবস্থায় রয়ে গেছে। কেন্দ্রীভূত প্রশাসন ও কেন্দ্রীভূত রাজনীতি—উভয়ই গণতন্ত্রের সংকট ডেকে আনবে। যত শিগগিরই এ দুটি প্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা এ কথা বুঝবেন, ততই মঙ্গল। দলীয় সংস্কার যে কত কঠিন, তা ইতিমধ্যেই রাজনীতিবিদেরা বুঝতে পেরেছেন। অতি শিগগিরই দেশে রাজনৈতিক দলের সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হবে, এমনটি আশা করাও বর্তমানে বাস্তবসম্মত নয়। অন্যদিকে আমলাতন্ত্রের কোনো মৌলিক সংস্কার না করার ব্যাপারে প্রধান দুটি দলের মধ্যে একধরনের অলিখিত ঐকমত্য লক্ষণীয়। কোনো দলেরই আমলাতন্ত্র সম্পর্কে, বিশেষ করে এর সংস্কার সম্পর্কে মনোভাব সুস্পষ্ট নয়। যত দ্রুত এ প্রতিষ্ঠান দুটির সংস্কারের ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, ততই সংসদ ও সংসদীয় গণতন্ত্র সংহতকরণের সম্ভাবনা বাড়বে। নিজাম আহমদ: অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়