সংসদ চত্বরে বিএটির টাকায় গাছ না লাগানোর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির (বিএটি) টাকায় জাতীয় সংসদ চত্বরে গাছ না লাগানোর অনুরোধ জানিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। আজ সোমবার স্পিকার আবদুল হামিদের কার্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ আইনকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করে থাকে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রাক্কালে বিএটির এই ধরনে উদ্যোগ উদ্বেগজনক। তামাক কোম্পানিগুলো নিজেরা তামাক চাষ ও উত্পাদনের জন্য প্রতিবছর হাজার হাজার একর বন ধ্বংস করে ও কাঠ পোড়ায়। তাদের উত্পাদিত পণ্য মানুষের রোগ ও মৃত্যুর কারণ। পরিবেশ ধ্বংসকারী এ ধরনের কোম্পানি থেকে গাছ নিয়ে সংসদ ভবন চত্বরে লাগানো কতটুকু যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন।স্মারকলিপি জমা দেওয়ার সময় তামাকবিরোধী জোটের সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম, তামাকবিরোধী নারী জোটের প্রতিনিধি রোকেয়া বেগম, উবিনীগের গবেষক মাহমুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ ভবন এলাকার প্রায় সাড়ে ৪০০-র মতো বিতর্কিত ইউক্যালিপটাস গাছ কেটে পরিবেশবান্ধব ও দেশীয় প্রজাতির গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়ার পর বিএটি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে। সংসদ সচিবালয় থেকেও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ জন্য ২৯টি প্রজাতির গাছ নির্বাচন করা হয়েছে। এগুলো হলো—নিম, আমলকি, অর্জুন, অশোক, বহেরা, বৈলাম, বট, চাম্পা, দেবদারু, গর্জন, হরীতকী, জাকারেন্ড্রা, জারুল, কদম, কাঞ্চন, কাঠবাদাম, কুসুম, মেহগনি, মৈলাম, মহুয়া, নাগেশ্বর, পাদাউক, পীতরাজ, পলাশ, শাল, শিমুল, শিরীষ, সোনালু ও তেলসুর।