সংসদ জাতীয় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে
নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও দেশ এখনো সত্যিকার অর্থে গণতান্ত্রিক আমলে প্রবেশ করতে পারেনি। সংসদ জাতীয় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দেশের যে অবস্থা তাতে যেকোনো সময় আবার আগুন জ্বলে উঠতে পারে।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারীদের নিয়ে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের প্রাণ পুরুষদের সমাবেশ ও গণসংগীত সন্ধ্যার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমদ বলেন, আজকের শাসকের বন্ধু সেদিনের স্বৈরাচার। এটা দুঃখজনক।সাংবাদিক আতাউস সামাদ বলেন, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারীর পতন হয়নি। এখনো আছে। দেশে এখনো গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়নি। সংসদ জাতির প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘আমি চাই না দেশে আগুন জ্বলে উঠুক। কিন্তু মনে হচ্ছে আগুন জ্বলে উঠবে।’নব্বইয়ের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আজকের এত সংবাদপত্র তা নব্বইয়ের আন্দোলনের ফসল। অতীতে যারাই সংবাদপত্রকে টুঁটি চেপে ধরতে চেয়েছিল তাদেরই পতন হয়েছে।জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু পরাজয় হয়নি। স্বৈরাচার আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা কখনো তাকে ক্ষমতায় দেখতে চাই না।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘স্বৈরচারী এরশাদের সঙ্গে মিশে দেশে নতুন স্বৈরাচারের জন্ম হয়েছে।’ ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে এ সরকারকে বিদায় করার আহ্বান জানান তিনি।নব্বইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আমান উল্লাহ আমান বলেন, ‘যে গণতন্ত্র আর মানবাধিকারের জন্য সেদিন আন্দোলন করেছিলাম, আজ তা কোথায়? আজ সাংবাদিক নির্যাতিত হচ্ছে। আজ আরেকটি নব্বই সৃষ্টি করার সময় এসেছে।’ তিনি সবাইকে সে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।ডাকসুর সাধারণ সম্পাদক খায়রুল কবির অভিযোগ করে বলেন, গণতন্ত্রের লেবাসে দেশে ভয়াবহ অবস্থা চলছে। দেশ এখন ডান্ডাবেড়ি আর বুটের তলায়।ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার, বিএমএয়ের সাবেক সভাপতি এম এ মাজেদ, সাংবাদিক আমান উল্লাহ কবির, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাজিমউদ্দিন আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) আবদুস শহীদ প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সমাবেশে নব্বইয়ের গণ-আন্দোলনের নেতা ও সাংবাদিকদের তাঁদের ভূমিকার জন্য সংবর্ধনা এবং নব্বইয়ের শহীদদের মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।