সংসদ ট্রেড ইউনিয়ন নয়: সুরঞ্জিত
সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জাতীয় সংসদ কোনো ট্রেড ইউনিয়ন নয়, যেখানে দাবি করা যাবে। তিনি আশা করেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিরোধী দল যোগ দেবে। আজ শুক্রবার কিশোরগঞ্জে চৌষট্টি মোহন্তের ভোগরাগ ও গৌরভক্ত মহাসম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদে বিরোধী দলকে এসে কথা বলতে হয়। সংসদকে পাশ কাটিয়ে এ দেশে কোনো দিন কোনো আন্দোলন হয়নি, হবেও না বলে তিনি মন্তব্য করেন। তিনি বিরোধী দলকে কথাটি মনে রাখার পরামর্শ দেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংসদের আগামী অধিবেশন সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ। এ অধিবেশনেই ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন পাসের জন্য তোলা হবে। বিশেষ করে অর্পিত সম্পত্তি আইন সংসদে তোলা হবে। এ আইনটি বারবার সংসদে আসে, বারবার বাতিল হয়। ৪৫ বছরের স্তূপ করা আবর্জনা দূর করতে হলে আইনটি পাস করতে হবে। এটি পাস হলে বৈষম্যমূলক কলঙ্কিত আইন থেকে জাতি মুক্তি পাবে।’