সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা আছে।আজ বুধবার বিকেলে রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১১-এর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।বেসরকারি সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এই পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করে।সিইসি শামসুল হুদা বলেন, ‘রাজনৈতিক দলগুলো পর্যায়ক্রমে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছিল। আমাদেরও পরিকল্পনা আছে, এটা ব্যবহার করার। দেখি কতটুকু যেতে পারি। বৃহত্তর পরিসরে ইভিএম বাস্তবায়নের জন্য আমরা প্রজেক্ট বানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে এ পদ্ধতি ব্যবহার করা যাবে। জাতীয় নির্বাচনে এটি ব্যবহার করতে না পারলেও অর্থের অপচয় হবে না।’শামসুল হুদা জানান, প্রথমে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।অনুষ্ঠানে লিখিতভাবে মূল বক্তব্য উপস্থাপন করেন দি এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি বাংলাদেশ প্রতিনিধি সায়মা আনোয়ার। তিনি বলেন, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন সার্বিকভাবে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে গণ্য করা যায়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে দি এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাসান মজুমদার, ডেপুটি বাংলাদেশ প্রতিনিধি সায়মা আনোয়ার, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার আবদুল আওয়াল, তালেয়া রেহমানসহ দাতা সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।