সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করছে।আজ সোমবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। তার আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। আমিনা আহমেদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, বাংলাদেশ এককভাবে ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় না থাকতে পারে সে জন্য নির্বাচন কমিশন কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলার ১২টি উপজেলায় বিশেষ কমিটি গঠন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই কমিটির আহ্বায়ক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কমিটির সচিব। এ ছাড়া সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আনসার ও ভিডিপি কর্মকর্তা, সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি, পার্বত্য আঞ্চলিক পরিষদের প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও ইউপি চেয়ারম্যানকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন ফরম ছাড়াও বিশেষ তথ্য ফরমের মাধ্যমে পূরণ করা পারিবারিক তথ্য যাচাই করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুপারিশ করবে।