সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া ব্রিগেড ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আর এই নির্বাচনে অবশ্যই সেনা মোতায়েন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে এর বিকল্প নেই।’আবদুল্লাহ আল নোমানের অভিযোগ, বর্তমান সরকার আইনের শাসন কায়েম না করে দেশে শাসন, শোষণ ও লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ সরকার হল-মার্ক, ডেসটিনি ও বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে।হল-মার্ক গ্রুপের চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের ব্যাপারে অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী হল-মার্কের চেয়ারম্যানের মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্ত করার কথা কীভাবে বলতে পারেন?’ তিনি বিচারব্যবস্থা কলুষিত করছেন বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয়তবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি এস এম মেহবুব, বিএনপির যুববিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আবু নাসের মো. রহমত উল্লাহ, হেলেন জেরিন খান, তোফায়েল আহমেদ কায়সার প্রমুখ।